কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২): পৃথিবীতে কি এমন কোনো দ্বীপ থাকতে পারে, যেখানে এ পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছেনি? যদি থাকে, তাহলে সেখানকার লোকজন অমুসলিম অবস্থায় মারা গেলে মৃত্যুর পর তাদের ব্যাপারে ফায়ছালা কী হবে?

উত্তর: পৃথিবীর প্রতিটি স্থানে আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত পৌঁছাবেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এ যমিনের উপর এমন কোনো মাটির অথবা পশমের ঘর (তাঁবু) বাকি থাকবে না, যে ঘরে আল্লাহ রব্বুল আলামীন ইসলামের বাণী পৌঁছিয়ে দিবেন না’ (মুসনাদে আহমাদ, হা/২৩৮২৪)। তারপরও যদি কোনো দ্বীপে কারো কাছে দাওয়াত না পৌঁছায়, তাহলে সেখানে বসবাসরত ব্যক্তিদের বিচারের মাঠে পরীক্ষা করা হবে। এ ব্যাপারে হাদীছে এসেছে, ‘আর ইসলামের দাওয়াত না পাওয়া ব্যক্তি বলবে, হে আল্লাহ! আপনার কোনো রাসূল আমার নিকট আসেনি। অতঃপর আল্লাহ তাআলা তাদের নিকট দৃঢ় অঙ্গীকার গ্রহণ করবেন। এরপর তাদের নিকট একজন দূত প্রেরণ করবেন এই মর্মে যে, তোমরা আগুনে প্রবেশ করো’। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি! যে ব্যক্তি তাতে প্রবেশ করবে, আগুন তার উপর ঠান্ডা ও শান্তিদায়ক হয়ে যাবে’ (সিলসিলা ছহীহা, হা/১৪৩৪)। তথা তাৎক্ষণিক পরীক্ষায় যারা আদেশ মেনে নিবে, তাদের জন্য জান্নাত নির্ধারিত হবে।

প্রশ্নকারী : শাহিদুল ইসলাম

কালিহাতী, টাঙ্গাইল।

Magazine