কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২): বেশ কিছুদিন থেকে একটি বিড়াল আমাদের বাসায় এসে থাকছে।বিড়ালটিকে যাবতীয় খাবার খাওয়াই। এমতাবস্থায় বাড়িতে বিড়াল পোষা যাবে কি?

উত্তর: বাড়িতে বিড়াল লালনপালন করা যায়। কাবশা বিনতু কা‘ব ইবনে মালিক রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি ছিলেন আবূ ক্বাতাদা রাযিয়াল্লাহু আনহু-এর স্ত্রী। তিনি বলেন, আবূ ক্বাতাদা রাযিয়াল্লাহু আনহু একদিন আমার ঘরে প্রবেশ করলেন, আমি তার জন্য ওযূর পানি ঢেলে দিলাম। এসময় একটি বিড়াল এসে গেল, তখন তিনি পাত্রটি নিচু করে ধরলেন, যাতে বিড়ালটি তাতে থেকে পানি পান করতে পারে। কাবশা রাযিয়াল্লাহু আনহা বলেন, আমি তা দেখে অবাক হলাম। তখন আবূ কাতাদা রাযিয়াল্লাহু আনহু বললেন, হে ভাতিজি! তুমি কি অবাক হচ্ছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বিড়াল অপবিত্র নয়, বরং তারা তোমাদের চারপাশে ঘোরাফেরা করে এমন প্রাণীদের অন্তর্ভুক্ত’ (আবূ দাঊদ, হা/৭৫; তিরমিযী, হা/৯২; নাসাঈ, হা/৬৮)। তবে যে ব্যক্তি বিড়াল পোষে, তার উচিত বিড়ালটিকে যথেষ্ট খাবার দেওয়া। যেন সে তাকে বাড়িতে আটকে না রাখে এবং বাইরে যেতে দেয়। যদি তাকে বাইরে যেতে দেয়, তবে সে যা যমিন থেকে পায় তাই খেতে পারে। কারণ আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এক নারীকে জাহান্নামে দণ্ডিত করা হয়েছে একটি বিড়ালের কারণে, যেটিকে সে বেঁধে রেখেছিল। সে না তাকে খাবার দিয়েছিল, না ছেড়ে দিয়েছিল যাতে সে মাটি থেকে কিছু খেতে পারে’ (ছহীহ বুখারী, হা/৩৪৮২; ছহীহ মুসলিম, হা/২২৪২)।

প্রশ্নকারী : মো. কবিরুল ইসলাম

গঙ্গাচড়া, রংপুর।

Magazine