কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : নাভীর নিচে কাপড় পরিধান করা যাবে কি?

উত্তর : পুরুষদের সতর হল নাভী হতে হাঁটুর নিচ পর্যন্ত (ছহীহ জামেঊছ ছাগীর, হা/৫৫৮৩; ইরওয়াউল গালীল, হা/২৭১)। সর্বদা তা ঢেকে রাখা ওয়াজিব। আর ওয়াজিব পরিত্যাগ করলে গুনাহ হবে। তবে শরীরের জামা-পাঞ্জাবী দিয়ে যদি নাভি ঢেকে থাকে তাহেল পায়জামা বা প্যান্ট নাভির নীচে পরিধান করলেও সমস্যা নাই। সতর উন্মুক্ত না হলেই হল। তবে প্রয়োজনে হাঁটুর উপরে কাপড় উঠানো যেতে পারে। যেমন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটুর উপর কাপড় উঠিয়ে বসেছিলেন আবুবকর রাযিয়াল্লাহু আনহু তাঁর নিকটে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাকে প্রবেশের অনুমতি দেন। এরপর ওমর রাযিয়াল্লাহু আনহু তাঁর নিকট প্রবেশের অনুমতি চাইলে তাকেও অনুমতি দেন। পরবর্তীতে ওছমান রাযিয়াল্লাহু আনহু তার নিকটে প্রবেশের অনুমতি চাইলে রাসূল রাযিয়াল্লাহু আনহু তার কাপড় হাঁটুর নিচে নামিয়ে নেন (ছহীহ বুখারী, হা/৭০৯৭)।

উল্লেখ্য যে, মহিলারা এই হুকুমের অন্তর্ভুক্ত নয়। কেননা তাদের দুই হাতের কব্জি ও চেহারা ব্যতীত মাথা হতে পায়ের পাতা পর্যন্ত সর্বাঙ্গ সতর হিসাবে ঢেকে রাখবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, ...রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মহিলা যখন বালেগা হয়, তখন তার শরীরের কোনো অঙ্গ দেখা যাওয়া উচিত নয়। তবে কেবলমাত্র এটা এবং এটা ব্যতীত। একথা বলে তিনি তাঁর মুখ ও দুই হাতের কব্জির দিকে ইঙ্গিত করলেন’ (আবুদাঊদ, হা/৪১০৪; মিশকাত, হা/৪৩৭২; ফিক্বহুস সুন্নাহ, ১/১২৫)।

-কাবীরুল ইসলাম

উল্লাপাড়া, সিরাজগঞ্জ।


Magazine