কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : আবুদাঊদের ৪৯৩২ নং হাদীছে বলা হয়েছে যে, আয়েশা (রাঃ)-এর দুইপাখা ওয়ালা একটি খেলনার ঘোড়া ছিল। যা নিয়ে তিনি খেলতেন। কিন্তু হাদীছে এসেছে কোনো প্রাণীর মূর্তি বা ছবি দিয়ে ঘর-বাড়ী সাজানো যাবে না। থাকলে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না? এর সমাধান কী?

উত্তর : পুতুল দিয়ে ঘর সাজানো, প্রিয়জনের স্মৃতি সংরক্ষণ কিংবা সম্মানের জন্য ঘরে যে কোনো ছবি-মূর্তি ও পুতুল রাখা সর্বাবস্থায় হারাম। আবু তালহা (রাঃ) হতে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেছেন, ‘সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, যেই ঘরে কুকুর বা ছবি থাকে’ (ছহীহ বুখারী, হা/৩২২৫; ছহীহ মুসলিম, হা/২১০৬; মিশকাত, হা/৪৪৮৯)। তবে যে স্থানে ছবি দলিত-মথিত হয়, তাকে সম্মান-শ্রদ্ধা জানানো হয় না; সেখানে খণ্ডিত ছবি থাকলে অসুবিধা নেই। যেমন বিছানার চাদর, বালিশের কভার ইত্যাদি। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, জিবরীল (আঃ) আমার নিকট এসে বললেন, আমি গত রাতে আপনার নিকট এসেছিলাম, কিন্তু আমি ঘরে প্রবেশ করিনি। কারণ গৃহদ্বারে অনেকগুলো ছবি ছিল, ঘরের দরজায় একখানা পর্দা টাঙ্গানো ছিল যাতে অনেকগুলো প্রাণীর ছবি ছিল এবং ঘরের অভ্যন্তরে একটি কুকুর ছিল। সুতরাং ঐ সমস্ত ছবিগুলোর মাথা কেটে ফেলার আদেশ দিন, যা ঘরের দরজায় রয়েছে। অতঃপর তা কাটা হলে গাছের আকৃতি হয়ে যাবে। পর্দাটি সম্পর্কে আদেশ দিন তাকে কেটে দুটি গদি তৈরি করা হবে, যা বিছানা এবং পায়ের নিচে থাকবে। আর কুকুরটি সম্পর্কে আদেশ দিন, যেন তাকে ঘর থেকে বের করা হয়। সুতরাং রাসূলুল্লাহ (ছাঃ) তাই করলেন’ (তিরমিযী, হা/২৮০৬; আবুদাঊদ, হা/৪১৫৮; মিশকাত, হা/৪৫০১)।

আয়েশা (রাঃ)-এর কাছে যে সকল পুতুল ছিল তা ছিল খেলনা পুতুল (ছহীহ বুখারী, হা/৬১৩০; ছহীহ মুসলিম, হা/২৪৪০; মিশকাত, হা/৩২৪৩)। শিশুদের খেলনা জাতীয় পুতুল ঘরে রাখা যায়। তবে এটা জায়েয হওয়ার জন্য কয়েকটি মূলনীতি মনে রাখা যরূরী। ১. পুতুলগুলো কাপড় বা পশমের তৈরি হবে যাতে চোখ, কান, নাক, মুখ থাকবে না। আর আয়েশা (রাঃ)-এর নতুন পুতুলগুলো এরকমই ছিল। সেগুলো প্লাস্টিক বা পিতলের ছিল না। কারণ আয়েশা (রাঃ)-এর পুতুলগুলো ছিল কাপড়ের তৈরি (আবুদাঊদ, হা/৪৯৩২; মিশকাত, হা/৩২৬৫)। ২. পুতুলের চোখ, মুখ, ঠোঁট, নাক ইত্যাদির ছাপ থাকবে না। কারণ রাসূল (ছাঃ) তার ঘরে থাকা কাপড়ের পূর্ণ ছবিগুলো ছিঁড়ে খণ্ড খণ্ড করে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন (আবুদাঊদ, হা/৪১৫৮; মিশকাত, হা/৪৫০১)। ৩. পুতুলগুলো ঘর সাজানোর উদ্দেশ্যে রাখা হবে না। বরং বাচ্চাদের খেলনার জন্য রাখতে হবে। কারণ আয়েশা (ছাঃ)-এর পুতুলগুলো খেলনার জন্য ছিল।

-ফযলে মাহমূদ

 মোহনপুর, রাজশাহী।


Magazine