কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : আমি একজন অবিবাহিত ছেলে। আমি ফজরের ছালাত নিয়মিত সঠিক সময়ে আদায় করি। অনেক চিকিৎসা সত্ত্বেও নিরাময় না হওয়ার কারণে হঠাৎ হঠাৎ বিছানায় প্রসাব হয়ে যায়। ফলে মাসে দুই/এক দিন ছালাত ক্বাযা করতে হয় বা তা যোহরের সময় আদায় করি। এক্ষেত্রে কি আমার পাপ হবে?

উত্তর : এমন পরিস্থিতিতে ছালাত কাযা করা যাবে না। বরং কাপড় পরিবর্তন করে সম্ভবপর পবিত্রতা অর্জন করে সময়ের মধ্যেই ছালাত আদায় করবে। যদি পূর্ণ পবিত্রতা অর্জনের সুযোগ ও আসবাবপত্র না থাকে তাহলে সে অবস্থাতেই ছালাত আদায় করবে (মাজমূঊ ফাতাওয়া ইবনে তায়মিয়া, ২১/৪২৯ পৃঃ)। কেননা, দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকলের জন্য সময়মত ছালাত আদায় করা ফরয। তারা হলো, (১) ঘুমন্ত ব্যক্তি ও (২) ছালাতের কথা ভুলে গেছে এমন ব্যক্তি। আবু ক্বাতাদা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ছাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুম নিদ্রাবস্থায় ছালাতের সময় তাদের ঘুমে থাকার বিষয়টি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উল্লেখ করলেন। তিনি বললেন, ঘুমে থাকার মধ্যে অবহেলা নেই। অবহেলা হয় জাগ্রত অবস্থায় (যথা সময়ে ছালাত আদায় না করলে)। সুতরাং যদি তোমাদের কেউ ছালাত ভুলে যায় বা ঘুমিয়ে পড়ে, তবে যখনই স্মরণ হয় তখনই পড়ে নেবে (নাসাঈ, হা/১৫৮২)। সুতরাং এই দুই অবস্থা ব্যতীত সকল অবস্থায় সময়মত ছালাত আদায় করা একান্ত অপরিহার্য।

--নাম প্রকাশে অনিচ্ছুক

মহাদেবপুর, নওগাঁ।


Magazine