কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : মোজায় পেশাব ভরেছিল। কিন্তু ভুলে যাওয়ার কারণে উক্ত মোজা না খুলেই ছালাত আদায় করি। বর্তমানে করণীয় কী?

উত্তর : এমতাবস্থায় পুনরায় ছালাত আদায় করতে হবে না। কেননা রাসূল (ছাঃ) অপবিত্র জুতা পরিহিত অবস্থায় ছালাতের কিছু অংশ আদায় করেন। পরে জিবরীল (আঃ)-এর মাধ্যমে জানতে পারলে তিনি জুতা খুলে ফেলেন। কিন্তু আদায়কৃত ছালাত পুনরায় আদায় করেননি। আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ‘একদা রাসূলুল্লাহ (ছাঃ) তাঁর ছাহাবীগণকে নিয়ে ছালাত আদায় করছিলেন। এমন সময় তিনি তাঁর জুতা দুটি খুলে ফেললেন এবং সেগুলোকে বামদিকে রাখলেন। অতঃপর যখন লোকেরা এটা দেখল, তখন তারাও নিজেদের জুতাসমূহ খুলে রাখল। তারপর যখন তাঁর রাসূলুল্লাহ (ছাঃ) ছালাত শেষ করলেন, তখন বললেন, কেন তোমরা তোমাদের জুতাসমূহ খুলে রাখলে? তাঁরা বলল, আমরা আপনাকে আপনার জুতা খুলে রাখতে দেখেছি তাই আমরাও আমাদের জুতা খুলে রেখেছি। তখন রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, ‘জিবরীল আমার নিকট আসলেন এবং আমাকে খবর দিলেন যে, আমার জুতায় ময়লা রয়েছে’। অতঃপর তিনি বললেন, ‘যখন তোমাদের কেউ মসজিদে আসবে সে যেন দেখে। অতঃপর যদি তার জুতায় ময়লা অথবা কষ্টের কোনো কিছু দেখে, তাহলে সে যেন তা মুছে ফেলে এবং জুতা সহকারেই ছালাত আদায় করে’ (আবুদাঊদ, হা/৬৫০; দারেমী, হা/১৩৭৮; ইরওয়াউল গালীল, হা/২৮৪; মিশকাত, হা/৭৬৬)।

-হাফিযুর রহমান

কালিয়াকৈর, গাজীপুর।


Magazine