উত্তর : গোসলের পূর্বে যে ওযূ করা হয় সে ওযূতেই ছালাত আদায় করা যায়। পুনরায় ওযূ করার প্রয়োজন নেই। আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) গোসলের পর আর ওযূ করতেন না (আবুদাঊদ, হা/২৫০; তিরমিযী, হা/১০৭; নাসাঈ, হা/২৫২; ইবনু মাজাহ, হা/৫৭৯; মিশকাত, হা/৪৪৫)। তবে ওযূ করার পর বিবস্ত্র হলে তাতে ওযূ নষ্ট হবে না। কেননা বিবস্ত্র হওয়া ওযূ ভঙ্গের কারণের অন্তর্ভুক্ত নয়।
উল্লেখ্য যে, বিবস্ত্র বা নগ্ন হয়ে গোসল করা যায়। যেমন মূসা (আঃ) নগ্ন হয়ে গোসল করেছিলেন (ছহীহ মুসলিম, হা/৩৩৯)। আইঊব (আঃ) নগ্ন হয়ে গোসল করেছিলেন (ছহীহ বুখারী, হা/২৭৯; মিশকাত, হা/৫৭০৭)। তবে কাপড় পরে গোসল করাই উত্তম। বাহয ইবনু হাকীম (রাঃ) তার পিতা হতে, তার পিতা তার দাদা হতে বর্ণনা করেন, তার দাদা বলেন, নবী (ছাঃ) বলেছেন, ‘তুমি তোমার স্ত্রী ও দাসী ব্যতীত অন্যের সামনে নগ্ন হয়ো না। আমি বললাম, হে আল্লাহর রসূল! কোনো লোক একা থাকলেও কি নগ্ন হতে পারে না? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আল্লাহকে অধিক লজ্জা করা উচিত’ (আহমাদ, হা/২০০৪৬; তিরমিযী, হা/৩০২৪; মিশকাত, হা/৩১১৭)। জাবের (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন কাপড় পড়ে গোসলখানায় প্রবেশ করে’ (নাসাঈ, হা/৪০১, সনদ ছহীহ)।
-সাদিয়া, ফেনী।
