কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : মৃত ব্যক্তির নামে কুরবানী দেওয়া যাবে কি?

উত্তর : মৃত ব্যক্তির নামে পৃথক কুরবানী দেওয়া শরী‘আতসম্মত নয়। কেননা তা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী বা কর্ম বা সম্মতি দ্বারা সাব্যস্ত হয়নি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবদ্দশাতেই ফাতেমা রাযিয়াল্লাহু আনহা ছাড়া তার সকল সন্তান, দুই স্ত্রী খাদীজা ও যায়নাব বিনতে খুযায়মা রযিয়াল্লাহু আনহুমা এবং চাচা হামযাহ রাযিয়াল্লাহু আনহু প্রমুখ মৃত্যুবরণ করেছিলেন। অথচ তিনি তাদের কারো পক্ষ থেকেই কুরবানী করেননি। তাছাড়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবদ্দশায় কোনো ছাহাবী কাছের কিংবা দূরের কোনো মৃতের নামে কুরবানী করেছেন মর্মে প্রমাণ পাওয়া যায় না (মাজমূ‘ ফাতাওয়া শায়খ উছায়মীন, ১৭/২৬৭)। কোনো কোনো বিদ্বান জায়েযের পক্ষে ফাতাওয়া দিলেও তার কোনো দলীল নেই।

-আব্দুছ ছামাদ

ডুমুরিয়া, খুলনা।


Magazine