কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): কুরআন মাজীদ পড়ার সময় আমরা যেখানে সিজদা পাই, সেখানে কীভাবে সিজদা দিতে হবে? দাঁড়িয়ে নাকি বসে সিজদা দিতে হবে? এবং কয়টি সিজদা দিতে হবে? এর জন্য কোনো দু‘আ আছে কি?

উত্তর: সিজদার আয়াত পাঠ করলে বা শুনলে সিজদা দেওয়া সুন্নাত। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াত তিলাওয়াত করতেন এবং আমরা তাঁর নিকট থাকতাম, তখন তিনি সিজদা করতেন এবং আমরাও তাঁর সঙ্গে সিজদা করতাম। এতে এত ভিড় হতো যে, আমাদের মধ্যে কেউ কেউ সিজদা করার জন্য কপাল রাখার জায়গা পেত না (ছহীহ বুখারী, হা/১০৭৬)। এই সিজদার নিয়ম হলো, যে অবস্থায় আছে সেই অবস্থায় প্রথমে তাকবীর দিয়ে সিজদায় যাবে। অতঃপর সিজদার দু‘আ পড়বে এবং পুনরায় তাকবীর দিয়ে মাথা উঠাবে। একটি সিজদা দিতে হবে, এর আগে বা পরে আলাদা কোনো বিধান নেই। এর জন্য ওযূও শর্ত নয়। আর সিজদায় গিয়ে নিম্নোক্ত দু‘আটি পড়বে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কুরআন তিলাওয়াতের সিজদা করতেন এবং সিজদাতে বারবার বলতেন, ‌سَجَدَ ‌وَجْهي ‌للذي خَلَقَه وشَقَّ سَمعَه وبَصَرَه بحوله وقُوَّته উচ্চারণ: সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাক্বাহু ওয়া শাক্কা সাম্আহু ওয়া বাছারহু, বি-হাওলিহী ওয়া কুওয়াতিহী। অর্থ: ‘আমার চেহারা সিজদা করছে সেই মহান সত্তার জন্য, যিনি তাকে সৃষ্টি করেছেন এবং স্বীয় ক্ষমতা ও শক্তি বলে এতে কর্ণ ও চক্ষু সন্নিবেশ করেছেন’ (আবূ দাঊদ, হা/১৪১৪)।

-ইদ্রিস বাবু

বড়াইগ্রাম, নাটোর।

Magazine