কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : এক মুষ্টির অতিরিক্ত দাঁড়ি কাটা যাবে কি?

উত্তর : এক মুষ্টি দাঁড়ি যেমন রাখা যাবে না; তেমনি এক মুষ্টির অতিরিক্ত দাঁড়ি কাটা বা ছাঁটাও শরী‘আতসম্মত নয়। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ি লম্বা করার নির্দেশ দিয়েছেন। ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাঁড়ি লম্বা করো এবং গোঁফ ছোট করো’ (ছহীহ বুখারী, হা/৫৮৯২; ছহীহ মুসলিম, হা/২৫৯; মিশকাত, হা/৪৪২১)। এক মুষ্টি দাঁড়ি রাখার যে কথা হাদীছে এসেছে তা আব্দুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু-এর ব্যক্তিগত আমল। যা হজ্জ ও ওমরার সাথে সম্পৃক্ত। ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু যখন হজ্জ বা ওমরাহ করতেন, তখন তিনি তাঁর দাঁড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশি থাকতো তা কেটে ফেলতেন (ছহীহ বুখারী, হা/৫৮৯২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাঁড়ি ছোট করার ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদীছ বর্ণিত হয়নি। তাই রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শকেই প্রাধান্য দিতে হবে (আহযাব, ২১)।

-মিনহাজ পারভেজ, হড়গ্রাম, রাজশাহী;

ও রহমতুল্লাহ, মোহনপুর, রাজশাহী।



Magazine