উত্তর : হ্যাঁ, সৎকর্মশীল মানুষের ন্যায় সৎকর্মশীল জিনরাও জান্নাতে প্রবেশ করবে। কারণ আল্লাহ তা‘আলা ইসলামকে উভয় জাতির জন্য দ্বীন হিসাবে মনোনীত করে শরী‘আতের বিধান নির্ধারিত করেছেন। মহান আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদাতের জন্য সৃষ্টি করেছি’ (যারিয়াত, ৫৬)। সৎকর্মশীল জিনদেরকে আল্লাহ তা‘আলা জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে বলেন, ‘তারা (জিনরা) বলল, হে আমাদের সম্প্রদায়! আমরা এমন এক কিতাব শুনে এসেছি, যা মূসার পরে অবতীর্ণ হয়েছে। এ কিতাব পূর্ববর্তী সকল কিতাবের প্রত্যায়ন করে, সত্যধর্ম ও সরলপথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়! তোমরা আল্লাহর দিকে আহবানকারীর কথা মান্য করো এবং তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি হতে তোমাদেরকে রক্ষা করবেন’ (আহক্বাফ, ৩০-৩২)। আর যারা ঈমান আনবে ও সৎকর্ম সম্পাদন করবে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা হোক জিন বা মানুষ। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস’ (কাহ্ফ, ১০৭)।
-হাসিনুর রহমান
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
