কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : আমার বয়স যখন আড়াই বছর তখন বাবা মারা যান। আমার বড় চাচার কোনো সন্তান না থাকায় তিনি আমাকে লালন-পালন করেন। তখন থেকে আমি চাচাকে বাবা এবং চাচীকে মা বলে সম্বোধন করে আসছি। আমার সকল সার্টিফিকেট ও আইডিতে পিতা-মাতার স্থানে তাদের নাম ব্যবহার করে এসেছি। এখন আমার করণীয় কী?

উত্তর : আপন পিতা-মাতার পিতৃত্ব ও মাতৃত্বকে স্বীকার করে, চাচা-চাচীর আশ্রয়ে লালিত-পালিত হওয়ার কারণে সম্মানার্থে চাচাকে পিতা এবং চাচীকে মাতা বলা যাবে। তবে সার্টিফিকেট, আইডি, পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো ক্ষেত্রে পিতা-মাতার স্থানে তাদের নাম ব্যবহার করা যাবে না। কেননা তাতে আপন পিতা-মাতার পরিচয় গোপন করা হবে এবং অন্যকে আপন পিতা-মাতা বলে স্বীকৃতি দেওয়া হবে। আর তা নিষিদ্ধ। কেননা এ সময় সে কাফের হয়ে যায় (ছহীহ বুখারী, হা/৩৫০৮; ছহীহ মুসলিম, হা/৬১) এবং জান্নাতও তার জন্য হারাম হয়ে যায় (ছহীহ বুখারী, হা/৪৩২৬)। অতএব, যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করে উক্ত সার্টিফিকেট ও আইডি হতে তাদের নাম পরিবর্তন ও সংশোধন করা যরূরী। উল্লেখ্য যে, ভাবি মাহরাম মহিলার অন্তর্ভুক্ত নয়। এমতাবস্থায় ভাবিকে মা বললেও তার সাথে পর্দা বজায় রেখে চলবে।

-আব্দুর রহমান

কুমারখারী, কুমিল্লা।


Magazine