কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : সমাজের সবার বিভিন্ন প্রয়োজনে (যেমন বিবাহের অনুষ্ঠানে, ইফতারী রান্না করার কাজে) ব্যবহার করার জন্য ফিতরার টাকা দিয়ে ডেকোরেটরের জিনিসপত্র ক্রয় করা যাবে কি?

উত্তর : ফিতরার মাল ফক্বীর-মিসকীনদের হক্ব। আব্দুল্লাহ ইবনে আববাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাত ফরয করেছেন ছিয়াম পালনকারীর অনর্থক ও মন্দ কর্ম থেকে পবিত্রতার মাধ্যমস্বরূপ এবং মিসকীনদের জন্য খাদ্যস্বরূপ’ (আবুদাঊদ, হা/১৬০৯; ইবনে মাজাহ, হা/১৮২৭; মিশকাত, হা/১৮১৮)। এমনকি এই মাল যাকাতের আটটি খাতে বিতরণ করা যাবে কি-না, এই নিয়েও মতানৈক্য রয়েছে এবং এর মধ্যে অগ্রগণ্য মত হলো, ফক্বীর-মিসকীন ছাড়া অন্য ছয়টি খাতে তা বিতরণ করা যাবে না। (মাজমূঊ ফাতাওয়া লি ইবনে তায়মিইয়্যা, ২৫/৭১; মাজমূঊল ফাতাওয়া লি ইবন বায, ১৪/২০২)। কারণ ফিতরার মাল রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ ভাগ করে সকল খাতে বিতরণ করেছেন, মর্মে কোনো দলীল নেই। ছাহাবী কিংবা তাবেঈদের থেকেও নেই (যাদুল মা‘আদ, ২/২২)। তাহলে গরীবের হক্ব নষ্ট করে সেই মাল দিয়ে সমাজের প্রয়োজনীয় হাড়ি-পাতিল বা অন্যান্য আসবাবপত্র ক্রয় কীভাবে জায়েয হতে পারে?

-আযীযুল হাকীম

গাবতলী, বগুড়া।


Magazine