কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : কুরবানীর গোশত সমানভাবে তিন ভাগে ভাগ করা কি যরূরী? কুরআন-হাদীছের আলোকে জানিয়ে বাধিত করবেন।

উত্তর : কুরবানীর গোশত সমানভাবে তিন ভাগে ভাগ করার ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কোনো প্রমাণ পাওয়া যায় না। আল্লাহ তা‘আলা বলেন, ‘...তোমরা তা থেকে খাও এবং মিসকীন ও ফক্বীরকে খাওয়াও’ (হজ্জ, ৩৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমদিকে তিন দিনের বেশি কুরবানীর গোশত জমা রাখতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে জমা রাখার অনুমতি দেওয়া হলে ছাহাবীগণ বললেন, আপনি তো তিন দিনের বেশি কুরবানীর গোশত খেতে নিষেধ করেছিলেন? তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘গ্রাম থেকে অনেক অভাবী লোক আসার কারণে আমি সেই বছরে নিষেধ করেছিলাম। এখন যেহেতু সেই পরিস্থিতি নেই, অতএব তোমরা খাও, জমা রাখ এবং দান করো’ (ছহীহ মুসলিম, হা/১৯৭১)। সংশ্লিষ্ট আয়াতে নিজে খাওয়া এবং দুই শ্রেণির মানুষকে খাওয়ানোর কথা বলা হয়েছে। আর পরিস্থিতি অনুযায়ী হাদীছে দান করতে বলা হয়েছে। অতএব, এলাকায় অভাবীর সংখ্যা অতিরিক্ত হলে নিজে খাওয়ার তুলনায় দান করতে হবে বেশি। আর অভাবীর সংখ্যা কম হলে নিজের ইচ্ছামত খাওয়া বা দান করা যেতে পারে। তবে তিন ভাগে ভাগ করার বিষয়টি কিছু আছার থেকে বুঝা যায়।

-মিলন হুসাইন

রহিমানপুর, ঠাকুরগাঁও।


Magazine