উত্তর: (ক) মৃত নারীকে গোসল করানোর পদ্ধতি হলো, প্রথমে গোসলের স্থান নির্ধারণ করে সেটা পর্দাবৃত করবে। এরপর শরীরে থাকা কাপড় খুলে ফেলবে, তবে সতরের অঙ্গগুলো (নাভি থেকে হাঁটু পর্যন্ত) কোনো কাপড় দ্বারা ঢেকে রাখবে। গোসলের দায়িত্বে থাকা নারীরাও সতরের অঙ্গগুলো খোলার সময় দৃষ্টি অবনত রাখবে। গোসল করানোর পূর্বে ওযূর অঙ্গগুলো ধৌত করবে (ছহীহ বুখারী, হা/১২৫৫)। এরপর বরই পাতা মিশ্রিত পানির ব্যবস্থা করবে (ছহীহ বুখারী, হা/১২৫৩) এবং তা দিয়ে শরীরের ডান পার্শ্ব ধৌত করবে (ছহীহ বুখারী, হা/১২৫৫), এরপর বাম পার্শ্ব ধৌত করবে। এভাবে তিন বার ধৌত করবে। তবে প্রয়োজন হলে পাঁচ বার বা এরচেয়ে বেশি বার ধৌত করা যাবে। এক্ষেত্রে সর্বশেষ বার ধৌত করার সময় কর্পূর (এক ধরনের সুগন্ধি) ব্যবহার করবে (ছহীহ বুখারী, হা/১২৫৩)। গোসল শেষে মৃত নারীর চুলগুলো তিনভাগে ভাগ করে বেণি বানিয়ে পিঠের দিকে রেখে দিবে (ছহীহ বুখারী, হা/১২৬৩)। (খ) মৃত নারীকে তিনটি কাপড়ে কাফন দেওয়া হবে। প্রথম কাপড় (যেটাকে ইযার বলা হয়) দিয়ে সতর এবং সতরের আশেপাশের জায়গা ঢাকবে। দ্বিতীয় কাপড় (যাকে কামীস বলা হয়) দ্বারা পুরো শরীরের উপরিভাগ এবং নিচের অংশ ঢাকবে। তৃতীয় কাপড় (যাকে খিমার বলা হয়) দ্বারা মাথা ও এর আশেপাশের জায়গা ঢাকবে।
প্রশ্নকারী : রূকু
