কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): অন্তরে ছালাতের প্রতি অনীহা, কিন্তু আল্লাহর শাস্তির ভয়ে নিজেকে ছালাতে বাধ্য করেছি। এতে কি আমার আমল কবুল হবে বা এক্ষেত্রে আমার করণীয় কী?

উত্তর: যদি কারো ছালাতে অনীহা থাকে, তাহলে এর ফলাফল ভালো নয়। আল্লাহ তাআলা বলেন, ‘কাজেই দুর্ভোগ সে ছালাত আদায়কারীদের, যারা তাদের ছালাতের ব্যাপারে উদাসীন’ (আল-মাঊন, ১০৭/৪-৫)। তিনি আরো বলেন, ‘আর যখন তারা ছালাতে দাঁড়ায়, তখন অলসভাবে দাঁড়ায়, তারা লোকদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে’ (আন-নিসা, ৪/১৪২)। তবে আল্লাহর শাস্তির ভয়ে ছালাত আদায় করলেও তা আল্লাহর কাছে গৃহীত হবে এবং উক্ত ছালাতই তাকে অশ্লীলতা থেকে দূরে রেখে ছালাতের প্রতি একাগ্রতা আনয়ন করবে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই ছালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে’ (আল-আনকাবূত, ২৯/৪৫)। ছালাতে একগ্রতা আনয়ন এবং অন্তরের অনীহা দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে দু‘আ করা, হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। এছাড়া ছালাতের ক্বিরাআত ও তাসবীহ-তাহলীল বুঝে বুঝে পড়া এবং পাপের কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা উচিত।

 -আব্দুল করিম

ধুলিহর, সাতক্ষীরা।

Magazine