কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : আছর ও এশার ছালাতের পূর্বে সুন্নাত আদায় করা যাবে কি? যদি যায় তাহলে কি নিয়মিত আদায় করতে হবে?

উত্তর : আছরের পূর্বে চার রাক‘আত ছালাত আদায় করা যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ অনুগ্রহ বর্ষণ করেন ঐ ব্যক্তির প্রতি যে আছরের পূর্বে চার রাক‘আত ছালাত আদায় করে’ (মুসনাদে আহমাদ, হা/৫৯৮০; তিরমিযী, হা/৪৩০; আবুদাঊদ, হা/১২৭১; মিশকাত, হা/১১৭০)। আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছরের পূর্বে চার রাক‘আত ছালাত আদায় করতেন তবে ফেরেশতাগণ ও তাঁদের অনুসারী মুমিন-মুসলিমগণের মধ্যে নৈকট্য অর্জনকারীকে সালাম ফিরানোর মাধ্যমে পৃথক করতেন। অনুরূপ এশার পূর্বে দুই রাক‘আত ছালাত আদায় করা যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক আযান এবং ইক্বামতের মাঝে দুই রাক‘আত ছালাত আছে’। তবে তিনি বলেন, ‘যে চায় তার জন্য’ (ছহীহ বুখারী, হা/৬২৭; ছহীহ মুসলিম, হা/৮৩৮; মিশকাত, হা/৬৬২)।

-নাজনীন পারভীন

জয়পুরহাট সদর।


Magazine