উত্তর : কবর যিয়ারতকালীন নিমেণর দু‘আ পড়ার পর একাকী মুনাজাত করতে পারে। দু‘আটি হল,
السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلاَحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ.
উচ্চারণ : আস্সালা-মু ‘আলাইকুম আহলাদ দিয়া-রি মিনাল মু’মিনীনা ওয়াল মুসলিমীনা; ওয়া ইন্না ইনশা-আল্লা-হু লা লা-হিকূনা। আস‘আলুল্লা-হা লানা ও লাকুমুল ‘আফিয়াতা। অর্থ : শান্তি বর্ষিত হোক কবরবাসী মুমিন ও মুসলিমদের উপর। আর নিশ্চয়ই আল্লাহ চাইলে আমরা তোমাদের সাথে মিলিত হব। আল্লাহ্র নিকট আমাদের ও তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি (ছহীহ মুসলিম, হা/৯৭৫; মিশকাত, হা/১৭৬২)। আবু উসামা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস বিন মালেক রাযিয়াল্লাহু আনহু-কে দেখলাম যে, তিনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবরের নিকটে এসে দাঁড়ালেন। অতঃপর হাত উত্তোলন করলেন। দীর্ঘক্ষণ হাত তুলে থাকার কারণে ভাবলাম যে তিনি ছালাতের সূচনা করেছেন। এরপর তিনি নবীদের উপর সালাম দিয়ে ফিরে আসলেন (শু‘আবুল ঈমান, হা/৪১৬৪, সনদ হাসান)। অন্য আছারে আনাস বিন মালেক রাযিয়াল্লাহু আনহু-এর একাকী মুনাজাতের কথা বর্ণিত হয়েছে, যা শরী‘আত সম্মত। তবে দলবদ্ধ মুনাজাত বিত‘আত। দলবদ্ধ মুনাজাত রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশেদীনের কোন সুন্নাত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মাইয়্যেতের জন্য ইস্তিগফার ও তার সুদৃঢ় থাকার জন্য প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন (আবুদাঊদ, হা/৩২২১; তাহক্বীক্ব মিশকাত, হা/১৩৩)। ছাহেবে মিরআত বলেন, এর অর্থ হচ্ছে اللهم اغفر له وثبته ‘হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন ও তাকে দৃঢ় রাখুন (মিরআতুল মাফাতীহ, ‘জানাযা’ অধ্যায় ১৩৩ নং হাদীছের ব্যাখ্যা দ্রঃ)। প্রত্যেকে নিজে নিজে দু‘আ করবে দলবদ্ধ ভাবে নয় (ফাতাওয়াতুল জানায়েয, ১/২২৮ পৃঃ; মাজমুঊল ফাতাওয়া ১৭/১৪০ পৃঃ)। সঠিক কথা মাইয়্যেতের জন্য ছালাত আদায় করার পর দলবদ্ধভাবে মুনাজাত করা জায়েয নয়। কারণ তা বিদ‘আত (ফাতাওয়া লাজনা আদ-দায়েমাহ, ৯/১৬ পৃঃ)।
-ইসতিয়াক রহমান
জমিদার পাড়া, ঠাকুরগাঁও।
