কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : জুম‘আর দিন ঈদ হলে স্বেচ্ছায় জুম‘আর ছালাত আদায় না করলে পাপ হবে কি?

উত্তর : না, এতে কোন পাপ হবে না। তবে কয়েকটি শর্ত সাপেক্ষে। যেমন: (ক) সে যেন ঈদের ছালাত আদায় করে, যদি ঈদের ছালাত আদায় না করে, তাহলে অবশ্যই তাকে জুম‘আর ছালাত আদায় করতে হবে। (খ) জুম‘আর ছালাত মাফ হলেও বাসায় যোহরের ছালাত আদায় করতে হবে। (গ) মসজিদগুলোতে জুম‘আ অনুষ্ঠিত হতে হবে। ইমাম ছাহেব খুৎবা দিবেন এবং ছালাত পড়াবেন। মানুষদের মধ্যে যাদের ইচ্ছা উপস্থিত হবে যাদের ইচ্ছা হবে না। কিন্তু মসজিদে জুম‘আর খুৎবাই অনুষ্ঠিত হবে না এমনটা যেন না হয়।

রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম‘আর দিন ঈদ হলে জুম‘আর ছালাত আদায় করার ব্যাপারে স্বাধীনতা দিয়েছেন। কেউ চাইলে তা আদায় করতে পারে। আবার নাও করতে পারে। এতে কোন পাপ হবে না। আইয়াস ইবনে আবু রামলা আশ-শামী রাহিমাহুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, একদা মু‘আবিয়া ইবনে আবু সুফিয়ান রাযিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে আরকাম রাযিয়াল্লাহু আনহু-কে কিছু জিজ্ঞেস করার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। তিনি (মু‘আবিয়া) বলেন, আপনি কি রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়ে তার সাথে ঈদ ও জুম‘আ একই দিনে অনুষ্ঠিত হতে দেখেছেন? তিনি (যায়েদ ইবনে আরকাম) উত্তর দিলেন, হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, কীভাবে তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আদায় করেছিলেন? তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঈদের ছালাত আদায় করেন। অতঃপর জুম‘আর ছালাত আদায়ের ব্যাপারে অবকাশ প্রদান করে বলেন, ‘যে ব্যক্তি তা আদায় করতে চায়, সে তা আদায় করতে পারে’ (আবুদাঊদ, হা/১০৭০)।

-আফীফ

 ক্ষেতলাল, জয়পুরহাট।


Magazine