উত্তর : যদি সন্তানদের সামর্থ্য থাকে তাহলে পিতার হালাল-হারাম মিশ্রিত উপার্জনের দ্বারা তৈরি করা বাড়িতে বসবাস করা এবং বাসা ভাড়া থেকে প্রাপ্ত অর্থ ভোগ করা হতে বিরত থাকাই উত্তম। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না’ (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে কাজে মনে খটকা লাগে, সে কাজ পরিহার করে খটকাহীন কাজ অবলম্বন করো’ (তিরমিযী, হা/২৫১৮; নাসাঈ, হা/৫৭১১; মিশকাত, হা/২৭৭৩)। অপর বর্ণনায় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সন্দেহযুক্ত বস্ত্তর মধ্যে লিপ্ত হবে, সে হারামেই পতিত হবে’ (ছহীহ বুখারী, হা/৫২; বুলূগুল মারাম, হা/১৪৬৭)। আর সামর্থ্য না থাকলে পিতাকে হারাম পথ ছেড়ে সৎ পথে উপার্জন করতে নছীহত করতে হবে ও সে পথে পিতাকে পূর্ণ সহযোগিতা করতে হবে। তবে সন্তানরা অপ্রাপ্তবয়স্ক হলে এবং উপার্জনক্ষম না হলে তা ভোগ করতে পারে। কেননা তারা শরী‘আতের মুকাল্লাফ নয়। তাদের প্রতিপালনের দায়িত্ব পিতা-মাতার। সুতরাং এজন্য সন্তান দায়ী হবে না। আল্লাহ তা‘আলা বলেন, ‘কেউ অপরের (পাপের) বোঝা বহন করবে না’ (আন-নাজম, ৫৩/৩৮)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো প্রাণ অপরের অপরাধের কারণে দণ্ডত হবে না’ (নাসাঈ, হা/৪৮৪৯, ৪৮৫০, ৪৮৫১; ইরওয়াউল গালীল, হা/২৩০৩)।
-মুহাম্মাদ হামিম
ভেড়ামারা, কুষ্টিয়া।
