উত্তর : মসজিদে প্রবেশ করে যদি কেউ দেখে যে, মুছল্লীগণ ছালাত আদায় করে নিয়েছে এবং মাসবূক তার বাকী ছালাত পূরণ করছে, তখন সে জামা‘আতের নেকীর প্রত্যাশায় মাসবূককে ইমাম করতে পারে। অনুরূপ কাউকে একাকী ছালাত আদায় করতে দেখলে জামা‘আতের নেকীর আশায় তাকেও ইমাম হিসাবে গ্রহণ করা যায়। একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত শেষ হওয়ার পর এক ব্যক্তিকে মসজিদে প্রবেশ করতে দেখে বললেন, ‘কেউ আছে কি যে এই লোকটিকে ছাদাক্বা করবে অর্থাৎ তার সাথে ছালাত আদায় করবে? অতঃপর একজন দাঁড়ালো এবং তার সাথে ছালাত আদায় করলো (আবুদাঊদ, হা/৫৭৪; মিশকাত, হা/১১৪৬, সনদ ছহীহ)। এখানে ছালাত আদায় করা ব্যক্তিকে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী করে দিলেন এবং জামা‘আতের নেকী প্রাপ্তির উপর উদ্বুদ্ধ করলেন।
তবে উক্ত অবস্থায় একাকীও ছালাত আদায় করতে পারে (ফাতাওয়া উছায়মীন, ১৫/১৭৩ পৃ.)। আর যদি একাধিক মুছল্লী হয় তাহলে পৃথক জামা‘আত করে ছালাত আদায় করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘একাকী ছালাত আদায় করা অপেক্ষা জামা‘আতের সাথে ছালাত আদায় করলে সাতাশ গুণ নেকী বেশি হয়’ (ছহীহ বুখারী, হা/৬৪৫; ছহীহ মুসলিম, হা/৬৫০; মিশকাত, হা/১০৫২)।
-নিয়ামতুল্লাহ
মোহনপুর, রাজশাহী।
