কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : ফিতনা আছে এমন জায়গায় যদি মেয়েরা হালাল চাকুরী করে তাহলে কি তাদের ইনকাম হালাল হবে?

উত্তর : না এমন জায়গায় কোন নারীর জন্য চাকুরি করা জায়েয নয় এবং তার উপার্জনও হালাল নয়। ইসলাম মেয়েদেরকে ঘরে বসবাস করার আদেশ দিয়েছে। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা স্ব-গৃহে অবস্থান করবে। প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করবে না (আহযাব, ৩৩)। নারীদের আর্থিক যোগানের দায়িত্ব পুরুষদের। বিয়ের আগে তাদের দায়িত্ব বাবার উপর, বিয়ের পরে স্বামীর উপর। তবে হ্যাঁ, নারীরা স্বাবলম্বী হতে চাইলে হতে পারে। তবে তাদের জন্য স্বাবলম্বী হওয়া বা উপার্জন করা আবশ্যক নয়। উপার্জনের জন্য তাদের জোর দেওয়া ঠিক নয়। নারী-পুরুষের অধিকার সমান তবে অভিন্ন নয়। যেমন কোনো পুরুষ চাইলেই সে গর্ভধারণ করতে পারবে না। উভয়ে তার নিজ জায়গা থেকে সমান অধিকার পাবে। দ্বিতীয়ত, কোনো নারী তার ক্যারিয়ার ও স্বাবলম্বী হতে চাইলে ইসলামে কোন বাধা নেই। তবে তা হতে হবে ইসলামী শরী‘আ আইন মেনে। নারী-পুরুষের পৃথক পৃথক ব্যবস্থার মাধ্যমে তারা কর্মক্ষেত্রে যোগ দিতে পারবে। একই রুমে একজন নারী ও পুরুষের বসা কোনক্রমেই উচিত হবে না। যেমন বস ও এসিসটেন্টদের মধ্যে হয়ে থাকে। রাসূল (ছাঃ) বলেছেন, কোন নারী ও পুরুষ নির্জনে থাকলে তাদের মধ্যে তৃতীয়জন থাকে শয়তান (তিরমিযী, হা/১১৭১; মিশকাত, হা/৩১১৮)। সেই সঙ্গে তাদের পরস্পর অযথা কথা বলাও উচিত নয়। হিজাব পরিধান করে তারা কর্মক্ষেত্রে যাবেন। এভাবে হলে নারীরাও তাদের ক্যারিয়ার গড়তে পারেন। তবে ক্যারিয়ার ও স্বাবলম্বী হতে যেয়ে অবৈধ কোন কাজ করা যাবে না। যেমন মডেলিং, নাচ, গান ইত্যাদি। নারীদের প্রধান ক্যারিয়ার হচ্ছে একজন ভাল মা ও ভাল স্ত্রী হওয়া। নিজের ক্যারিয়ার গড়তে যেয়ে যেন সন্তান-সন্তুতি ও স্বামীর প্রতি কর্তব্য পালনে বিঘ্ন সৃষ্টি না হয়। কারণ ইসলামে বাবার চেয়ে মায়ের প্রতি বেশি সম্মান দেখাতে বলা হয়েছে। জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ)-এর কাছে এসে জিজ্ঞেস করল, আমি কার সঙ্গে সর্বোত্তম আচরণ করব? তিনি বললেন, তোমার মায়ের সঙ্গে। সে আবার জিজ্ঞেস করল, তারপর কার সঙ্গে? তিনি বললেন, তোমার মায়ের সঙ্গে। সে আবার জিজ্ঞেস করল, তারপর কার সঙ্গে? তিনি বললেন, তোমার মায়ের সঙ্গে। লোকটি আবার জিজ্ঞেস করল, তারপর কার সঙ্গে? তিনি বললেন, তোমার পিতার সঙ্গে (ছহীহ বুখারী, হা/৫৯৭১; ছহীহ মুসলিম, হা/২৫৪৮; মিশকাত, হা/৪৯১১)। ইসলাম নারীকে এভাবেই মর্যাদার আসনে বসিয়েছে। কারণ সন্তান লালন-পালনে তাদের বড় ত্যাগ রয়েছে। সন্তান লালন-পালনই হলো তাদের বড় ক্যারিয়ার। সুতরাং পর্দাসহ পৃথক নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে মেয়েরা চাকরি করতে পারে।

-মোর্শেদুল ইসলাম

দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর।


Magazine