কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : জিনেরা যেহেতু আগুনের তৈরি সেহেতু জাহান্নামে তাদেরকে কিভাবে শাস্তি দেয়া হবে?

উত্তর : আগুনের সৃষ্টি জিন জাতির মধ্যে পাপিষ্ঠ জিন অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে (আ‘রাফ, ১২-১৮; হিজর, ৩২-৪৪; ছোয়াদ, ৮৪-৮৫; জিন, ১৪-১৫)। এক্ষেত্রে তারা আগুনের সৃষ্টি বলে আগুনে পুড়বে না কথাটি ঠিক নয়। যেমন মানুষ মাটি থেকে সৃষ্টি হলেও মাটির ঢেলা দিয়ে আঘাত করলে সে ব্যাথা পায়। কবরের মাটি দ্বারা চাপ দিয়ে শাস্তি দেয়া হলে সে ব্যাথা পায়। তেমনি আগুনের সৃষ্টি পাপিষ্ঠ জিনকে জাহান্নামের আগুনে শাস্তি দেয়া আল্লাহর নিকটে অসম্ভব কিছুই নয়। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান’ (আনকাবূত, ২০)। তাছাড়া জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ অধিক দহনশক্তি সম্পন্ন। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের উত্তাপের সত্তর ভাগের এক ভাগ’। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! জাহান্নামীদের শাস্তি প্রদানের জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ঠ ছিল। তিনি বললেন, ‘দুনিয়ার আগুনের উপর তার সমপরিমাণ তাপসম্পন্ন জাহান্নামের আগুন আরো ঊনসত্তর গুণ বাড়িয়ে দেয়া হবে’ (ছহীহ বুখারী, হা/৩২৬৫; ছহীহ মুসলিম, হা/২৮৪৩; মিশকাত, হা/৫৬৬৫)।

-জাহিদ বিন আনোয়ার

ঈশ্বরদী, পাবনা।


Magazine