উত্তর : প্রশস্ত জায়গা থাকলে ফরয ছালাত আদায়ের স্থানে নফল ছালাত আদায় না করাই সুন্নাত। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ কি ফরয ছালাত আদায়ের পর সামনে এগিয়ে বা পিছনে সরে অথবা ডানে বা বামে সরে নফল ছালাত আদায় করতে অপারগ? (অর্থাৎ সরে গিয়ে সুন্নাত ছালাত আদায় করবে) (ছহীছ ইবনু মাজাহ, হা/১৪২৭; ছহীহ আবুদাঊদ, হা/১০০৬, ‘ছালাত’ অধ্যায়, ‘ফরয ছালাত আদায়ের স্থানে নফল ছালাত আদায় প্রসঙ্গে’ অনুচ্ছেদ)। আমর ইবনু ‘আত্বা রহিমাহুমুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, সায়েব রাযিয়াল্লাহু আনহু বলেছেন, আমি মু‘আবিয় রাযিয়াল্লাহু আনহু-এর সাথে ‘মাক্বছূরা’-তে জুম‘আর ছালাত আদায় করলাম। অতঃপর যখন ইমাম সালাম ফিরালেন, তখন আমি আমার স্থানে দাঁড়িয়েই সুন্নাত ছালাত আদায় করলাম। যখন মু‘আবিয়া রাযিয়াল্লাহু আনহু ঘরে চলে গেলেন, আমাকে ডেকে পাঠালেন এবং বললেন, আপনি যা করেছেন, তা আর পুনরায় করবেন না। যখন আপনি জুম‘আর ছালাত আদায় করবেন, তখন কোনো কথা বলা এবং বের হয়ে না যাওয়া পর্যন্ত তার সাথে মিলিয়ে কোনো ছালাত আদায় করবেন না। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন এক ছালাতকে অপর ছালাতের সাথে মিলিয়ে না আদায় করি, যতক্ষণ কোনো কথা না বলি অথবা সে স্থান হতে সরে না যাই’ (ছহীহ মুসলিম, হা/৮৮৩; মিশকাত, হা/১১৮৬; আবুদাঊদ, হা/১১২৯)।
খাছ করে ইমামকেও ফরয ছালাতের স্থানে সুন্নাত ছালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যে স্থানে ফরয ছালাত আদায় করেছেন, সে স্থান পরিবর্তন না করে সুন্নাত ছালাত যেন না পড়ে’ (ছহীহ আবুদাঊদ, হা/৬১৬; ‘ইমামের সুন্নাত ছালাত আদায় করা’ অনুচ্ছেদ ১/১৮৪)। তবে সর্বোত্তম হচ্ছে নফল ছালাত বাড়িতে আদায় করা’ (ছহীহ বুখারী, হা/৭৩১; ছহীহ মুসলিম, হা/১৮৬১; মিশকাত, হা/১২৯৫)।
-আব্দুল্লাহ
গাবতলী, বগুড়া।
