উত্তর : প্রত্যেক মুসলিম তার দৈনন্দিন ইবাদতের ক্ষেত্রে সর্বদা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের বিশুদ্ধ দলীল দ্বারা ইবাদত করবে- এটাই শারঈ বিধান। কিন্তু ছালাতুত তাসবীহ একটি বিতর্কিত, সন্দেহযুক্ত ও দুর্বল ভিত্তির উপরে প্রতিষ্ঠিত ইবাদত। কেননা এ ছালাত সংক্রান্ত হাদীছের যঈফ সূত্রসমূহ পরস্পরকে শক্তিশালী করে মনে করে শায়খ নাছিরুদ্দীন আলবানী রাহিমাহুল্লাহ তাকে ছহীহ লিগায়রিহি বলেছেন (আবূ দাঊদ, হা/১২৯৭; মিশকাত, হা/১৩২৮)। ইবনু হাজার আসক্বালানী ও ছাহেবে মির‘আত একে ‘হাসান’ স্তরে উন্নীত বলেছেন। কিন্তু এ বিষয়ে স্পষ্ট কোনো ছহীহ হাদীছ বর্ণিত হয়নি। বরং আব্দুল্লাহ ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু বর্ণিত এ সম্পর্কিত হাদীছকে কেউ ‘মুরসাল’ কেউ ‘মাওকূফ’ কেউ ‘যঈফ’ আবার কেউ ‘মাওযূ‘’ বা জাল বলেছেন। সঊদী আরবের স্থায়ী ফতওয়া কমিটি ‘লাজনা দায়েমাহ’ এ ছালাতকে বিদ‘আত বলেছেন, صَلَاةُ التَّسْبِيْحِ بِدْعَةٌ، وَحَدِيْثُهَا لَيْسَ بِثَابِتٍ، بَلْ هُوَ مُنْكَرٌ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ৮/১৬৪)। অতএব এরূপ বিতর্কিত, সন্দেহযুক্ত ও দুর্বল ভিত্তির উপরে কোনো ইবাদত বিশেষ করে ছালাত প্রতিষ্ঠা করা ঠিক নয়।
-আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।
