কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : ছালাতে নূন্যতম তিন আয়াত এবং ধারাবাহিকভাবে সূরা পাঠের ব্যাপারে শারঈ বিধান কী?

উত্তর : সূরা ফাতিহার পর নির্দিষ্ট করে কত আয়াত পড়তে হবে, তা কোনো ছহীহ হাদীছে বর্ণিত হয়নি। তবে রাসূল ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম যতটুকু সম্ভব ততটুকু পড়তে নির্দেশ দিয়েছেন (ছহীহ আবূ দাঊদ, হা/৮৫৬, সনদ ছহীহ)। তাই কখনো ছোট আবার কখনো বড় সূরা তেলাওয়াত করা যাবে। রাসূল ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম প্রথম রাকআত দ্বিতীয় রাকআতের চেয়ে বেশি দীর্ঘ করতেন মর্মে ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে (ছহীহ বুখারী, হা/৭৫৯, ৭৭৬, ৭৭৯; ছহীহ মুসলিম, হা/৪৫১)। অতএব সর্বদা এরূপই হওয়া সুন্নাত। তবে কখনো দ্বিতীয় রাকআতে ক্বিরাআত লম্বা হয়ে গেলে তাতে কোনো সমস্যা হবে না (ছিফাতু ছালাতিন্নবী, পৃ. ১০৩)। অনুরূপ ধারাবাহিকভাবে সূরা পড়া উত্তম। তবে আগ-পিছ করে বা একই সূরা বারবার পড়েও ছালাত আদায় করা যায়। রাসূল ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম ফজরের ছালাতের উভয় রাকআতে সূরা যিলযাল পড়েছেন (আবূ দাঊদ, হা/৮১৬; হাসান ছহীহ; মিশকাত, হা/৮৬২)। শায়খ আলবানী রাহিমাহুল্লাহ বলেন, আমাদের নিকট স্পষ্ট যে, রাসূল ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম ফজরের ছালাতে সূরা যিলযাল ইচ্ছাকৃতভাবেই তেলাওয়াত করেছেন; ভুলবশত নয়। তিনি এটিকে শরীআতে বৈধকরণ ও মানুষকে শিক্ষাদানের জন্য করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ধারাবাহিকতা ছাড়া আগে পিছে সূরা পড়া জায়েয হিসাবে অধ্যায় রচনা করেছেন (ছহীহ বুখারী, হা/৪৯৯৩, ‘কুরআনের ফযীলতসমূহ’ অধ্যয়)।

-আদার আলী

 কালীগঞ্জ, লালমণিরহাট।


Magazine