কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : আমাদের মুদির দোকানে টিভি চালু রাখার পাশাপাশি গুল, তামাক, জর্দা, বিড়ি-সিগারেট ইত্যাদি বিক্রয় করা হয়। গালিগালাজের কারণে বাধ্য হয়ে আমাকেও সেখানে বসতে হয়। এমতাবস্থায় আমার ইবাদত কবুল হবে কি?

উত্তর : বিড়ি, সিগারেট, গুল, জর্দ্দা ইত্যাদি যেহেতু মাদকের অন্তর্ভুক্ত ও হারাম বস্তু (আবূ দাঊদ, হা/৩৬৮১; তিরমিযী, হা/১৮৬৫; ইবনু মাজাহ, হা/৩৩৯৩; মিশকাত, হা/৩৬৪৫)। সেহেতু প্রাপ্তবয়স্ক সন্তান পিতার এ জাতীয় দ্রব্য-সামগ্রীর ব্যবসায়ে সহযোগিতা করলে ও জেনেশুনে উক্ত হারাম উপার্জন থেকে ভক্ষণ করলে গোনাহগার হবে এবং তারও ইবাদত কবুল হবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র; তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)। উল্লেখ্য যে, এমন পাপ কাজ হতে বিরত থাকার কারণে পিতা-মাতা গালিগালাজ করলেও তাদের কাজে সহযোগিতা করা যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لاَ طَاعَةَ لِمَخْلُوْقٍ فِىْ مَعْصِيَةِ الْخَالِقِ ‘সৃষ্টিকর্তার অবাধ্যতায় সৃষ্টিজীবের কোনো আনুগত্য নেই’ (শারহুস সুন্নাহ, হা/২৪৫৫; মিশকাত, হা/৩৬৯৬)। তবে অন্যান্য বৈধ আদেশ মান্য করা ও তাদের সাথে সদাচরণ করা জরুরী (লুক্বমান, ৩১/১৫)। [বি. দ্র. : নামটি আলীম হক্ব না হয়ে আব্দুল আলীম হওয়া ভালো]।

-আলীম হক্ব

পাহাড়ভাঙ্গা, ঠাকুরগাঁও।


Magazine