কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : যারা বাম হাতে কাজ করতে অভ্যস্ত তারা যদি বাম হাতেই খানাপিনা করে তাহলে কি পাপ হবে?

উত্তর : যারা বাম হাতে কাজ করতে অভ্যস্ত কিন্তু ডান হাতে খেতে সক্ষম, তাদেরকে ডান হাতেই খেতে হবে। কেননা ডান হাতে খাওয়া সুন্নাত এবং বাম হাতে পানাহার করা হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা বাম হাতে পনাহার করো না। কেননা শয়তান বাম হাতে পানাহার করে’ (তিরমিযী, হা/১৭৯৯; ইবনে হিব্বান, হা/৫৩৩১)। আমর ইবনু আবূ সালামা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তত্ত্বাবধানাধীন ছোট বালক ছিলাম। সে সময় আমার হাত (খাদ্য) পাত্রের এদিক-সেদিক যেত। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হে বৎস! তুমি খাওয়ার শুরুতে ‘বিসমিল্লাহ’ বলো। ডান হাত দিয়ে খাও ও নিকট থেকে খাও; মাঝখান থেকে নয়। এরপর থেকে তাঁর শিখানো পদ্ধতিই আমার খাবার পদ্ধতি’ (ছহীহ বুখারী, হা/৫৩৭৬; ছহীহ মুসলিম, হা/৫৩৮৮; মিশকাত হা/৪১৫৯)। সালামাহ ইবনু আকওয়া রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে, এক লোক রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বাম হাতে খাদ্য গ্রহণ করছিল। তিনি বললেন, তুমি তোমার ডান হাতে খাও। সে বলল, আমি পারব না। তিনি বললেন, তুমি যেন না-ই পার। শুধুমাত্র অহমিকাই তাকে বারণ করছে। সালামাহ রাযিয়াল্লাহু আনহা বলেন, সে আর কখনো তার ডান হাত মুখের নিকট উঠাতে পারেনি (ছহীহ মুসলিম, হা/২০২১)। তবে যদি কারও ডান হাত জন্মগত, অসুস্থতা কিংবা দুর্ঘটনাজনিত কারণে অকেজো বা বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে সে কোনো উপায়ান্তর না পেয়ে বাম হাতে খেতে পারে। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার সাধ্যের বাইরে বিধান চাপিয়ে দেন না’ (আল-বাক্বারা, ২/২৮৬)।

-আব্দুল্লাহ

শেরপুর, বগুড়া।


Magazine