কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : চেয়ারে বসে ছালাত আদায় করার দলীল কী?

উত্তর : অসুস্থ ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে ছালাত আদায় করা সম্ভব না হলে বসে, শুয়ে কিংবা ইশারা-ইঙ্গিতে যেভাবে সম্ভব সেভাবে ছালাত আদায় করবে। কিন্তু জ্ঞান থাকা পর্যন্ত কোন অবস্থায় ছালাত মাফ নেই। ইমরান বিন হুসাইন রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ছালাত দাঁড়িয়ে আদায় করবে। সক্ষম না হলে বসে আদায় করবে। যদি তাতেও সক্ষম না হও তাহলে (শুয়ে) কাত হয়ে আদায় করবে’ (বুখারী, হা/১১১৭; মিশকাত, হা/১২৪৮)। অত্র হাদীছ প্রমাণ করে, কঠিন অসুখ বা অন্য কোন বাস্তব কারণে অপারগ অবস্থায় চেয়ারে বসেও ছালাত আদায় করতে পারে। তবে তার উপরে সিজদা করা যাবে না। বরং তা ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং সিজদাতে রুকূ‘র চেয়ে বেশী ঝুঁকে পড়বে। ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক অসুস্থ ছাহাবীকে দেখতে গেলেন। তিনি তাকে কাঠের উপরে ছালাত আদায় করতে ও তার উপরেই কপাল রেখে (সিজদা) করতে দেখলেন। তখন তিনি আমার দিকে ইশারা করলেন ও কাঠটিকে নিক্ষেপ করলেন (সিলসিলা ছহীহাহ, হা/৩২৩)।

-আলী আজগর, গুরুদাসপুর, নাটোর

ও নুরশাদ আলী, সাধনপুর, রাজশাহী।


Magazine