কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : জুম‘আ এবং ওয়াক্তিয়া মসজিদের মধ্যে পার্থক্য কী?

উত্তর : যেসব মসজিদে জুম‘আর ছালাত হয় তাকে জুম‘আ মসজিদ বলে। আর যেসব মসজিদে শুধু পাঁচ ওয়াক্তের ছালাত হয়, জুম‘আ হয় না; সে সব মসজিদকে ওয়াক্তিয়া মসজিদ বলে। নেকীর ব্যাপারে উভয় মসজিদের মধ্যে কোন পার্থক্য নেই। তবে যে মসজিদে মুছল্লী যত বেশী হবে, সেখানে নেকী তত বেশী হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘একাকী ছালাত আদায় করার চেয়ে অন্য একজনের সাথে ছালাত আদায় করা উত্তম। আর অন্য একজনের সাথে ছালাত আদায় করার চেয়ে দু’জনের সাথে ছালাত আদায় করা অধিক উত্তম। এভাবে লোক যত অধিক হবে ততই তা আল্লাহ তা‘আলার নিকট প্রিয়তর হবে’ (আবুদাঊদ, হা/৫৫৪, সনদ হাসান; মিশকাত, হা/১০৬৬)। উল্লেখ্য যে, তিনটি মসজিদ ব্যতীত পৃথিবীর সকল মসজিদের নেকী সমান। তাহল, মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আক্বছা ব্যতীত (ছহীহ বুখারী, হা/১১৮৯; মিশকাত, হা/৬৯৩)। আর জুম‘আ মসজিদে ছালাত আদায় করলে পাঁচশ’ ছালাত আদায়ের নেকী পাওয়া যাবে মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (ইবনু মাজাহ, হা/১৪১৩; মিশকাত, হা/৭৫২)।

-রুহুল আমিন (রুবেল)

বোচাগঞ্জ, দিনাজপুর।


Magazine