উত্তর : সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্তকালে ছালাত শুরু করা ঠিক নয়। উক্ববা ইবনু আমের রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটি সময়ে ছালাত পড়তে অথবা তাতে আমাদের ‘মুর্দা’ দাফন করতে নিষেধ করেছেন। (১) যখন সূর্য কিরণময় হয়ে উদিত হতে থাকে। যতক্ষণ না তা কিছু উপরে উঠে যায়। (২) যখন সূর্য দ্বিপ্রহরে স্থির হয়ে দাঁড়ায়- যতক্ষণ না তা কিছু পশ্চিমে ঢলে যায় এবং (৩) যখন সূর্য অস্ত যেতে থাকে- যতক্ষণ না তা সম্পূর্ণ ডুবে যায়’ (ছহীহ মুসলিম, হা/৮৩১; মিশকাত, হা/১০৪০)। অনুরূপভাবে আছরের ছালাতের পর হতে সূর্যাস্ত পর্যন্ত এবং ফজরের ছালাতের পর হতে সূর্যোদয় পর্যন্ত কোন ছালাত নেই। আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ফজরের ছালাতের পর কোন ছালাত নেই- যতক্ষণ না সূর্য কিছু উপরে উঠে যায় এবং আছরের ছালাতের পরও কোন ছালাত নেই- যতক্ষণ না সূর্য সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়’। (অর্থাৎ এই দুই সময় ছালাত পড়া নিষেধ) (ছহীহ বুখারী, হা/৫৮৬; ছহীহ মুসলিম, হা/৮২৫; মিশকাত, হা/১০৪১)। তবে (ক) ফরয ছালাত ছুটে গেলে নিষিদ্ধ সময়ে তা আদায় করবে (ছহীহ মুসলিম, হা/৬৮৪)। (খ) নিষিদ্ধ সময়ে মসজিদে প্রবেশ করলেও দু’রাক‘আত তাহিইয়াতুল মাসজিদ আদায় করে বসবে (ছহীহ বুখারী, হা/৪৪৪; ছহীহ মুসলিম, হা/৭১৪; মিশকাত, হা/৭০৪)। (গ) জুম‘আর দিন সূর্য উঠার পর থেকে ছালাত শুরু হওয়া পর্যন্ত ছালাত আদায় করা যাবে (তুহফাতুল আহওয়াযী শরহ তিরমিযী, হা/১৮৩-এর ব্যাখ্যা দ্রষ্টব্য, ১/৫৪১ পৃঃ; ফিক্বহুস সুন্নাহ ১/৮২ পৃঃ)। (ঘ) মসজিদে হারামে সর্বদা ছালাত আদায় করা যাবে (নাসাঈ, হা/৫৮৫; আবুদাঊদ, হা/ তিরমিযী, হা/৮৬৮; ইবনু মাজাহ, হা/১২৫৪; মিশকাত, হা/ ১০৪৫)।
-সাজ্জাদ হোসেন
পার্বতীপুর, দিনাজপুর।
