কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): মসজিদে গিয়ে দেখি ফরয ছালাতের জামাআত শেষ হয়েছে, এখন জানাযা হবে। তখন ফরয ছালাতের আগে জানাযার ছালাত আদায় করা যাবে কি?

উত্তর: কোনো ব্যক্তি ফরয ছালাতের জামাআত শেষ হয়ে মসজিদে উপস্থিত হলে জানাযার ছালাত ইমামের সঙ্গে আগে আদায় করবে, কারণ ফরয ছালাত পরে আদায় করার সুযোগ আছে; কিন্তু জানাযার ছালাত একবারই পড়া হয়, এরপর তারা লাশ নিয়ে চলে যায় (মাজমূ‘ ফাতাওয়া শায়খ ইবনু উছায়মীন, ১৭/১১৫)। একজন মুসলিমের জন্য সুন্নাত হলো সে যতগুলো জানাযা প্রত্যক্ষ করে, সেগুলো সবগুলো জানাযার ছালাত আদায় করা; যদিও জানাযার সংখ্যা বেশি হয়। কেননা শরীআত এতে অত্যন্ত বড় ছওয়াব নির্ধারণ করেছে, যা কোনো মুসলিমের অবহেলা করা উচিত নয়। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জানাযায় উপস্থিত থাকে এবং তার জানাযার ছালাত পড়া পর্যন্ত থাকে, তার জন্য এক কিরাত ছওয়াব রয়েছে। আর যে ব্যক্তি দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত থাকে, তার জন্য দুই কিরাত ছওয়াব রয়েছে’। বলা হলো দুই কিরাত কী পরিমাণ? তিনি বললেন, ‘দুটি বিশাল পাহাড়ের সমান’ (ছহীহ বুখারী, হা/১৩২৫; ছহীহ মুসলিম, হা/৯৪৫)।

-শাহিদুল ইসলাম

কালিহাতী, টাঙ্গাইল।

Magazine