উত্তর: ছিয়াম অবস্থায় যেকোনো সময় মিসওয়াক বা দাঁতন করা যায়। মিসওয়াক করা যাবে না মর্মে সমাজে যে কথা প্রচলিত আছে, তা সঠিক নয়। বরং টুথপেস্ট কিংবা মাজন দিয়ে, কাঁচা অথবা শুকনা ডাল দিয়ে ছিয়াম অবস্থায় মিসওয়াক করা যাবে। এমতাবস্থায় মিসওয়াক কিংবা টুথপেস্ট, মাজনের স্বাদ আস্বাদন অনুভব হলেও ছিয়ামের ক্ষতি হবে না। কুরআন ও হাদীছে ওযূর সময় দাঁতন ব্যবহার করাতে কোনো নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি। তবে ওযূতে নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধানতার কথা রয়েছে। সজোরে নাকে পানি টান দেওয়া যাবে না। আমের ইবনু রাবীআহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে ছিয়াম থাকাবস্থায় অসংখ্য বার মিসওয়াক করতে দেখেছি। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তাহলে প্রতিবার ওযূর সময়ই আমি তাদের মিসওয়াকের নির্দেশ দিতাম। জাবের ও যায়েদ ইবনু খালেদ রাযিয়াল্লাহু আনহুমা-এর সূত্রে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণিত হয়েছে এবং তিনি ছিয়াম পালনকারী এবং ছিয়াম পালনকারী নয়, তাদের মধ্যে কোনো পার্থক্য করেননি। আয়েশা রাযিয়াল্লাহু আনহা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, মিসওয়াক করায় রয়েছে মুখের পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টি। আত্বা ও কাতাদাহ রাহিমাহুমাল্লাহ বলেছেন, ছিয়াম পালনকারী তার মুখের থুথু গিলে ফেলতে পারে (ছহীহ বুখারী, ৩য় খণ্ড, পৃ. ৩১; ছিয়াম অধ্যায়)।
-জমির উদ্দীন
ফেনী।
