উত্তর: নিশ্চয়ই শারঈ কোনো কারণ ছাড়া রামাযানের দিনে ছিয়াম ভেঙে ফেলা কাবীরা গুনাহ এবং ভয়াবহ অপরাধ, যা হারাম। কারণ ইচ্ছাকৃতভাবে ছিয়াম ভেঙে ফেলা এই ফযীলতপূর্ণ সময়ের পবিত্রতা লঙ্ঘন করা এবং আল্লাহ তাআলার নির্দেশের বিরোধিতা করা। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর রাত পর্যন্ত তোমরা ছিয়াম পূর্ণ করো…’ (আল-বাকারা, ২/১৮৭)। যে ব্যক্তি এতে লিপ্ত হয়েছে, তার আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত অর্থাৎ অন্তর থেকে অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে শারঈ কোনো ওযর ছাড়া আর কখনো ছিয়াম ভাঙবে না এ মর্মে দৃঢ় সংকল্প করা। এছাড়া তাকে ওই দিনের ছিয়ামের কাযা আদায় করতে হবে। তবে তার উপর কোনো কাফফারা নেই (আবূ দাঊদ, হা/১৬৭৬)। আর যদি তার ছিয়াম ভাঙা সহবাসের মাধ্যমে হয়ে থাকে, তবে কাযার পাশাপাশি তার উপর কাফফারা ওয়াজিব হবে। কাফফারার ক্রম হলো একজন দাস মুক্ত করা; যদি তা সম্ভব না হয়, তবে একটানা দুই মাস ছিয়াম রাখা; যদি তাও সক্ষম না হয়, তবে প্রতিটি ছিয়ামের (ভঙ্গ হয়েছে) বিনিময়ে তার জন্য ষাটজন মিসকীনকে খাবার খাওয়ানো (ছহীহ বুখারী, হা/১৯৩৭; ছহীহ মুসলিম, হা/১১১১)।
প্রশ্নকারী : হাফেজ বশির
