উত্তর: তালাক আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ বিধান, যা নিয়ে খেল-তামাশা করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা আল্লাহর বিধানসমূহকে খেল-তামাশার বস্তু বানিয়ো না’ (আল-বাকারা, ২/২৩১)। সুতরাং কোনো ব্যক্তি তার স্ত্রীকে হাসি-ঠাট্টার ছলে তালাক প্রদান করলেও তা তালাক বলে গণ্য হবে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْع ‘তিনটি বিষয়ে প্রকৃতপক্ষে বললেও এবং ঠাট্টাচ্ছলে বললেও যথার্থ বলে বিবেচিত হবে। বিয়ে, তালাক ও রাজআত (তালাক প্রত্যাহার)’ (তিরমিযী, হা/১১৮৪)। আর এক বৈঠক তথা এক মাসিকের মাঝে যত তালাকই দেওয়া হোক না কেন তা এক তালাক বলেই গণ্য করা হবে (ছহীহ মুসলিম, হা/৩৫৬৫; মুসনাদে আহমাদ, হা/২৩৮৭)। সুতরাং প্রশ্নে উল্লিখিত ব্যক্তি যেহেতু এক মাসে দুই তালাক প্রদান করেছে সুতরাং তা এক তালাক বলে গণ্য হবে। এরপর সংসার করার কয়েক মাস পর আবার এক তালাক প্রদান করেছে তা দ্বিতীয় তালাক বলে বিবেচিত হবে। সুতরাং এ পর্যন্ত তার দুই তালাক হয়েছে। এমতাবস্থায় তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘তালাক দুই বার। অতঃপর বিধি মোতাবেক রেখে দেবে কিংবা সুন্দরভাবে ছেড়ে দেবে’ (আল-বাকারা, ২/২২৯)। তবে এরপর তালাক দিলে স্বাভাবিকভাবে ফিরিয়ে নেওয়ার আর সুযোগ থাকবে না।
প্রশ্নকারী : আমির হামযা
চককীর্ত্তি, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
