উত্তর : ক্বিয়ামতের দিন আল-কুরআন অন্যান্য সুপারিশকারীর মত সুপারিশকারী হবে। আবু উমামা রাযিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ্র রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তোমরা কুরআন পাঠ কর কেননা ক্বিয়ামতের দিন তা পাঠকারীর জন্য সুপারিশকারী হয়ে আসবে। তোমরা কুরআনের দুটি ফুল তথা সূরা বাক্বারাহ ও আলে ইমরান পাঠ কর। কেননা সেই দুটি ক্বিয়ামতের দিন মেঘমালা অথবা ছায়া কিংবা পাখির সারিবদ্ধ ঝাঁক হয়ে আসবে। উভয়ে কুরআন পাঠকারীর জন্য সুপারিশ করবে (মুসলিম, হা/৮০৪ অধ্যায় ৪২; আহমাদ, ৫/২৫১; বায়হাক্বী, ২/৩৯৫)। আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত, আল্লাহ্র রাসূল বলেছেন, ছিয়াম এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। ছিয়াম বলবে, হে আমার প্রতিপালক! আমি তাকে দিনের বেলায় পানাহার এবং জৈবিক কামনা থেকে নিবৃত রেখে ছিলাম। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে, রাতে তাকে ঘুম হতে বিরত রেখেছিলাম। সুতরাং তার জন্য আমার সুপারিশ গ্রহণ করুন। তখন তাদের সুপারিশ গ্রহণ করা হবে (বায়হাক্বী শু‘আবুল ঈমান, হা/১৯৯৪, ছহীহ; আহমাদ, হা/৬৬২৬; মিশকাত, হা/১৯৬৩, আলবানী (রহঃ) ছহীহ বলেছেন)। তবে ‘কুরআনের চেয়ে উত্তম সুপারিশকারী আর কেউ হবে না’ এই বক্তব্য সঠিক নয়।
-মামুনুর রশীদ
গানোইর, ডারাশা, নওগাঁ।
