কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : অপরিচিত মেয়েদেরকে হাস্য-রসাত্মক কথা-বার্তা বলে ডিস্টার্ব করার কারণ বর্তমানে নিজেকে চরম অপরাধী ও পাপী মনে হচ্ছে। এজন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?

উত্তর : প্রথমত, বর্তমান যামানার এক ভয়াবহ ফিতনা হচ্ছে গায়রে মাহরাম নারীদের সাথে অবাধ মেলামেশা। দ্বীন সম্পর্কে অজ্ঞতা এবং সহশিক্ষার কুফলে আমাদের সমাজে এই ফিতনা বিস্তার লাভ করছে। আল্লাহ আমাদের এই ফিতনা থেকে রক্ষা করুন। দ্বিতীয়ত, এই ধরনের পাপ আল্লাহ্র কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি এক মহিলাকে চুমু খেয়ে নেয়। অতঃপর এসে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জানালে আল্লাহ তা‘আলা এই আয়াত নাযিল করেন, ‘ছালাত ক্বায়েম কর দিনের দুই প্রান্তে এবং রাতের প্রথম ভাগে। নিশ্চয়ই সৎকর্ম অসৎকর্মকে মিটিয়ে দেয়’ (হূদ, ১১৪)। লোকটি তখন বলল, হে আল্লাহ্র রাসূল! এই বিধান কি শুধুমাত্র আমার জন্য। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আমার উম্মতের সকলের জন্য (ছহীহ বুখারী, হা/৫২৬; ছহীহ মুসলিম, হা/২৭৬৩; মিশকাত, হা/৫৬৬)।

-নাম প্রকাশে অনিচ্ছুক



Magazine