কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩): আমাদের এলাকায় আগে একটি ছোট পরিসরে মসজিদ ছিল, যেখানে সবাই ছালাত আদায় করত। পরবর্তীতে মুছল্লীর সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদটি সম্প্রসারণ করা হয়। নির্মাণের সময় মসজিদের পাশের দুটি কবর মসজিদের ভেতরের অংশে পড়ে যায়। এরপর গ্রামের লোকজন কবর দুটির অবশিষ্ট হাড়হাড্ডি সংগ্রহ করে অন্য স্থানে স্থানান্তর করে। এই অবস্থায় উক্ত মসজিদে ছালাত আদায় করা কি শরীআতসম্মত হবে?

উত্তর: উল্লেখিত প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন তা হচ্ছে, মসজিদের পাশে কবর দেওয়ার নীতি পরিহার করা উচিত, কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় ইয়াহূদীদের প্রতি লা‘নত করেছেন তাদের নবীদের কবরকে মাসজিদ হিসেবে গ্রহণ করার কারণে (ছহীহ বুখারী, হা/১৩৩০; ছহীহ মুসলিম, হা/৫২৯)। অতঃপর মসজিদ সম্প্রসারণের লক্ষ্যে কবর অপসারণ করার ক্ষেত্রে দুইটি বিষয়- প্রথমত, কবরটি যদি মসজিদের জায়গায় দেওয়া হয়ে থাকে, তাহলে তা অপসারণ করে মসজিদ সম্প্রসারণ করলে তাতে কোনো অসুবিধা নেই, ছালাত বিশুদ্ধ হবে। আর যদি কবরটি ব্যক্তিগত জায়গায় দেওয়া হয়, তাহলে মুসলিমের কবরকে সম্মান করা উচিত। তবে প্রয়োজনে (মুছল্লীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে) মাসজিদটি সম্প্রসারণ করার জন্য কবরকে অপসারণ করা হলে তাতে ছালাত বিশুদ্ধ হবে (মাজমূ ফাতাওয়া ইবনে বায, খণ্ড ১৩, পৃ. ৩৩৭-৩৩৮)।

প্রশ্নকারী : মো. রাছেল ইসলাম

শ্যামপুর, মেহেরপুর।


Magazine