কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭): বিসমিল্লাহ পাঠের ফযীলতের ব্যাপারে কোনো ছহীহ হাদীছ আছে কি?

উত্তর: একাধিক ছহীহ হাদীছ দ্বারা বিসমিল্লাহ পাঠের ফযীলত প্রমাণিত। নিম্নে কয়েকটি হাদীছ উল্লেখ করা হলো- ১. আলী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘শৌচালয়ে প্রবেশের সময় যদি কেউ বিসমিল্লাহ পাঠ করে, তাহলে তার লজ্জাস্থান এবং জিনের (শয়তান) চোখের মাঝে পর্দা দিয়ে দেওয়া হয়’ (তিরমিযী, হা/৬০৬; ইরওয়াউল গলীল, ১/৮৯)। ২. আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সেই ব্যক্তির ওযূ হবে না, যে ওযূতে আল্লাহর নাম নেয়নি (অর্থাৎ বিসমিল্লাহ বলেনি)’ (আবূ দাঊদ, হা/১০১)। ৩. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘(যে প্রাণীকে যবেহ করা হয়েছে এমন বস্তু দ্বারা) যা রক্ত প্রবাহিত করে এবং যবেহের সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে (অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করা হয়েছে) এমন প্রাণীকে তোমরা খাও…’ (ছহীহ বুখারী, হা/২৪৮৮)। ৪. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হে বালক! বিসমিল্লাহ বলো, ডান হাত দিয়ে খাও…’ (ছহীহ বুখারী, হা/৫৩৭৬)। ৫. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যদি কেউ স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনিশ শায়ত্ব-না ওয়া জান্নিবিশ শায়ত্ব-না মা রযাক্বতানা’ (আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমাকে শয়তান থেকে দূরে রাখুন এবং শয়তানকে দূরে রাখুন সেই রিযিক থেকে যা আপনি আমাদের দিবেন)। অতঃপর তাদের সন্তান হয়, তাহলে শয়তান কখনো এই সন্তানের ক্ষতি করতে পারবে না’ (ছহীহ বুখারী, হা/৫১৬৫)।

প্রশ্নকারী : লুতফাতুল ইসলাম নোবেল

বাইশগাঁও, মনোহরগঞ্জ, কুমিল্লা।

Magazine