উত্তর : একমাত্র আল্লাহ্র কালেমাকে সমুন্নত করার জন্য যারা লড়াই করে তারাই প্রকৃত শহীদ। নির্ধারিতভাবে কাউকে শহীদ বলা যাবে না। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ্র পথে কে জিহাদ করছে, তা তিনিই ভাল জানেন এবং কে তাঁর পথে আহত হয়েছে আল্লাহই অধিক অবগত আছেন (ছহীহ বুখারী; ‘অমুক লোক শহীদ একথা বল না’-পরিচ্ছেদ)। তবে অনেকেই শহীদের মর্যাদা পাবে। একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাহাবীদেরকে বলেন, ‘তোমরা কাকে শহীদ গণ্য কর? তারা বললেন, যে আল্লাহ্র রাস্তায় নিহত হয় সেই শহীদ। তখন তিনি বলেন, আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা তাতে অতি নগন্যই হবে। যে ব্যক্তি আল্লাহ্র রাস্তায় নিহত হয় সে শহীদ, যে আল্লাহ্র রাস্তায় নিয়োজিত থেকে মারা যায় সেও শহীদ, যে পেস্নগ রোগে মারা যায় সেও শহীদ এবং যে ব্যক্তি কলেরা রোগে মারা যায় সেও শহীদ’ (ছহীহ মুসলিম, হা/১৯১৫; মিশকাত, হা/৩৮১১)। অন্য হাদীছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি একনিষ্ঠ চিত্তে আল্লাহ্র কাছে শাহাদাত কামনা করে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন, যদিও সে বিছানায় মৃত্যুবরণ করে’ (ছহীহ মুসলিম, হা/১৯০৯; মিশকাত, হা/৩৮০৮)।
-আব্দুল মালেক
পোরশা, নওগাঁ।
