উত্তর : মাগরিবের পূর্বে দু’রাক‘আত নফল ছালাতের ব্যাপারে নির্দিষ্টভাবে কোন ফযীলতের কথা বর্ণিত হয়নি। তবে তা আদায়ের জন্য গুরুত্ব দেয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনু মুগাফফাল রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা মাগরিবের পূর্বে দু’রাক‘আত ছালাত আদায় কর। তোমরা মাগরিবের পূর্বে দু’রাক‘আত ছালাত আদায় কর, তোমরা মাগরিবের পূর্বে দু’রাক‘আত ছালাত আদায় কর, যে ব্যক্তি ইচ্ছা কর’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত, হা/১১৬৫)। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে মাগরিবের ছালাতের পূর্বে সূর্য ডোবার পর দু’রাক‘আত ছালাত আদায় করতাম। তাঁকে বলা হল, তিনি কি সেই দুই রাক‘আত পড়তেন? আনাস রাযিয়াল্লাহু আনহু বললেন, তিনি আমাদেরকে দু’রাক‘আত ছালাত আদায় করতে দেখতেন, তিনি আদেশ করতেন না নিষেধও করতেন না (ছহীহ মুসলিম, হা/৩০৩)। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, আমরা মদীনায় এরূপ ছিলাম, যখন মুয়াযযিন মাগরিবের ছালাতের আযান দিতেন, আমরা তাড়াতাড়ি করে মসজিদের খুঁটিসমূহের দিকে যেতাম এবং দুই রাক‘আত ছালাত পড়তে থাকতাম, যাতে কোন আগন্তুক মসজিদে প্রবেশ করে অধিক লোকে ছালাত পড়তে দেখে মনে করত যে, (জামা‘আতের) ছালাত বুঝি শেষ হয়ে গেল (ছহীহ মুসলিম, হা/৮৩৭; মিশকাত, হা/১১৮০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশটি তিনবার বলার মধ্যেই উক্ত নফল ছালাতের গুরুত্ব বুঝা যায়। অতএব সুযোগ ও সাধ্যমত এটির উপর আমল করা কর্তব্য।
-হাশমত বিন আব্দুল মুমিন
চারঘাট, রাজশাহী।
