উত্তর : ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে একমাত্র আল্লাহই অবগত আছেন। তাতে রাশির প্রভাব আছে এমন আক্বীদাহ পোষণ করলে তা শিরক হবে এবং বিশ্বাসকারী আল্লাহ্র সাথে কুফরী করবে। যায়েদ ইবনু খালিদ আল-জুহানী হতে বর্ণিত।.....রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (আল্লাহ তা‘আলা) বলেন, আমার বান্দাদের মধ্যে কেউ আমার প্রতি মুমিন হয়ে গেল এবং কেউ কাফির। যে বলেছে, আল্লাহ্র করুণায় ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হল আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। আর ‘যে বলেছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী হয়েছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী হয়েছে (ছহীহ বুখারী, হা/৮৪৬; ছহীহ মুসলিম, হা/২৪০; আবুদাঊদ, হা/৩৯০৬)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি গণক বা জ্যোতিষীর কাছে যায় এবং সে যা বলে তা বিশ্বাস করল। সে মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি নাযিলকৃত বিধানকে অস্বীকার করল’ (মুসতাদরাকে হাকেম, হা/১৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গণকের নিকট আসল এবং তাকে কিছু জিজ্ঞেস করল তার চল্লিশ দিনের ইবাদাত কবুল হবে না (ছহীহ মুসলিম, হা/২২৩০)। সুতরাং রাশির প্রভাব, তারকার প্রভাব ইত্যাদির প্রতি বিশ্বাস রাখলে কাফের হয়ে যাবে।
-নাইম ইসলাম
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী।
