কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : সিজদা দেয়ার জন্য সম্মুখে কী পরিমাণ দূরত্ব থাকবে?

উত্তর : সিজদা দেয়ার জন্য মুছল্লী এবং সামনের দেয়াল বা কাতারের মাঝে তিন হাত তথা সাড়ে চার ফুট দুরত্ব রাখতে হবে। নাফে‘ থেকে বর্ণিত, ‘আব্দুল্লাহ ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু যখন কা‘বা ঘরে প্রবেশ করছিলেন তখন তিনি দরজাকে পিছনে রেখে সামনের দিকে হাঁটছিলেন। যখন তার মাঝে এবং দেয়ালের মাঝে তিন হাত মত ব্যবধান ছিল, তখন তিনি দাঁড়িয়ে ছালাত আদায় করলেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটাতে ছালাত আদায় করেছিলেন বলে বিলাল রাযিয়াল্লাহু আনহু সংবাদ দিয়েছিলেন, তিনি সেই জায়গাটাতে ছালাত আদায় করতে চাচ্ছিলেন’ (ছহীহ বুখারী, হা/৫০৬)। সাহল বিন সা‘দ রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিজদা দেয়ার স্থান এবং দেয়ালের মাঝে বকরি পারাপারের সমান ব্যবধান থাকত’ (ছহীহ বুখারী, হা/৪৯৬; ছহীহ মুসলিম, হা/৫০৮)। দুই হাদীছকে সমন্বয় করলে যা দাঁড়ায় তা হল, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছালাতে দাঁড়াতেন তখন ব্যবধান থাকত তিন হাত। আর যখন সিজদায় যেতেন তখন ঐ তিন হাতের মধ্যেই সিজদার সামনে দিয়ে বকরি পারাপারের জায়গা থাকত (ছিফাতুছ ছালাত, ১/৮২)।

-হাশমত বিন আব্দুল মুমিন

চারঘাট, রাজশাহী।


Magazine