উত্তর : ছালাতুল ঈদায়েনে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বিরাআতের পূর্বে প্রথম রাক‘আতে সাত ও দ্বিতীয় রাক‘আতে পাঁচ সহ মোট বারো তাকবীর দিতেন। প্রথম রাক‘আতে সাত তাক্ববীরের পর সানা ও আঊযুবিল্লাহ-বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা ও সূরা আলা এবং দ্বিতীয় রাক‘আতে পাঁচ তাকবীর দেওয়ার পর শুধু বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা ও গাশিয়া পড়তেন (ছহীহ মুসলিম, হা/৮৭৮; তাহক্বীক্ব মিশকাত, হা/৮৪০)। কাসীর তার দাদার সূত্রে বর্ণনা করে বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’ঈদের ছালাতের প্রথম রাক‘আতে ক্বিরাআতের পূর্বে সাত ও দ্বিতীয় রাক‘আতে ক্বিরাআতের পূর্বে পাঁচ তাকবীর দিতেন (ছহীহ তিরমিযী, হা/৫৩৬; ইবনু মাজাহ, হা/১২৭৯; তাহক্বীক্ব মিশকাত, হা/১৪৪১-১৪৪৬)। ছালাত শেষে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের গায়ে ভর দিয়ে খুৎবা প্রদান করতেন। অতঃপর মহিলাদের দিকে এগিয়ে গিয়ে দান-খায়রাতের নছীহত করতেন এবং বিলাল রাযিয়াল্লাহু আনহু তার চাদরে মহিলাদের দান গ্রহণ করতেন (ছহীহ নাসাঈ, হা/১৫৭৫; আহমাদ, হা/১৪৪২০; ইবনু খুযায়মাহ, হা/১৪৬০; সুনানুল কুবরা বায়হাক্বী, হা/৬১৯৮; তাহক্বীক্ব মিশকাত, হা/১৪৪৬)। ওয়েল ইবনু হুজরের হাদীছ থেকে প্রমাণিত হয় যে, ছালাতে প্রত্যেক তাকবীরে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করতেন (ছহীহ মুসলিম, হা/৪০১; তাহক্বীক্ব মিশকাত, হা/৭৯৭)।
-রিশাদ আহমাদ
গুরুদাসপুর, নাটোর।
