দেশে শিশুদের প্রতি সহিংসতার মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০১৮ সালে সারাদেশে ধর্ষণ, যৌন নির্যাতন, হত্যা ও শারীরিক নির্যাতনের কারণে মারা গেছে ২৭১টি শিশু। এছাড়াও বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১০০৬ জন। আর গত বছরটিতে কেবল ধর্ষণের শিকার হয়েছে ৪৩৩টি শিশু। বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউণ্ডেশন’ এক সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান তুলে ধরে। প্রতিষ্ঠানটি জানায়, ২০১৮ সালে ৪৩৩টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়ে মারা গেছে ২২টি শিশু। ২০১৮ সালে ধর্ষণের শিকার হওয়া বেশিরভাগ শিশুর বয়স ৭ থেকে ১২ বছর। ১৩ থেকে ১৮ বছর বয়সীরা বেশি হন যৌন নির্যাতনের শিকার। বিশেষ করে পুরুষ শিক্ষকের হাতে এই ধরনের নির্যাতনের ঘটনা বেশি ঘটে। গত বছর এই সংখ্যা ছিল ১২৯ জন। এদের মধ্যে ১৭ জন ধর্ষণের শিকার হয়েছে। গত বছরে শিশুদের বিষয়ে ১০৩৭টি ইতিবাচক সংবাদ প্রকাশ হয়েছে। অন্যদিকে নেতিবাচক ঘটনায় সংবাদ প্রকাশিত হয়েছে ২৯৭৩টি, যেখানে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা ছিল ১৬৮১১ জন। মূলত বিচারহীনতা, নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় অনুশাসনের অভাবের জন্যই এমনটা হচ্ছে। শাস্তির দিকে মনোযোগ না দিয়ে, সংশোধনে মনোযোগ দেওয়া যরূরী। নাহলে এই সমস্যা আরও প্রকট হবে। সঙ্গে এসব ঘটনার বিচার এমনভাবে করতে হবে যেন আর কেউ শিশুদের প্রতি অপরাধ করতে উৎসাহিত না হয়।
