কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ইসলামী সংস্কৃতি মুছে ফেলার নির্দেশ চীনে

চীনের রাজধানী বেইজিংয়ের সব হালাল রেস্টুরেন্ট ও খাবার দোকান থেকে আররী হরফে লেখা বিজ্ঞাপন ও ইসলামী প্রতীক সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। দেশটির সংখ্যালঘু মুসলিমদের চীনা সংস্কৃতি এবং সমাজের সঙ্গে অভ্যস্ত করার লক্ষ্যে নতুন এই নির্দেশনা জারী করা হয়েছে। রাজধানী বেইজিংয়ে অন্তত ১১টি হালাল রেস্টুরেন্ট এবং দোকান রয়েছে; যারা হালাল পণ্য বিক্রি করে। দোকানের কর্মচারীরা বলেছেন, ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট প্রতীকী ছবি যেমন, চাঁদ এবং আরবী হরফে লেখা হালালের মতো শব্দ মুছে ফেলার নির্দেশ দিয়েছেন সরকারি কর্মকর্তারা। দেশটির সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা বেইজিংয়ের একটি নুডলসের দোকানে গিয়ে সেখানকার ব্যবস্থাপককে হালাল শব্দটি ঢেকে দেয়ার নির্দেশ দেন। দোকানে উপস্থিত থেকে তারা এটি করতে বাধ্য করেন। অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে দোকানের ঐ ব্যবস্থাপক বলেন, তারা আমাদের বলেন, এটি বিদেশি সংস্কৃতি। আপনাকে চীনা সংস্কৃতির ব্যবহার করতে হবে। ২০১৬ সালে দেশটিতে আরবী হরফে লেখা এবং ইসলামী প্রতীকের বিরুদ্ধে অভিযান শুরু হয়। সম্প্রতি এই অভিযান নতুন মাত্রা পেয়েছে। চীনের মূলধারার সংস্কৃতির সঙ্গে একীভূত করতে ইসলামী সংস্কৃতি এবং বিধি-বিধানের ওপর সম্প্রতি কড়াকড়ি বৃদ্ধি করেছে দেশটির সরকার। এমনকি এই অভিযানে চীনের বিভিন্ন অঞ্চলের মসজিদ থেকে মধ্যপ্রাচ্যের ধাঁচে তৈরি মিনার ভেঙে ফেলা হচ্ছে। চীনে প্রায় ২ কোটি মুসলিমের বসবাস রয়েছে। সরকারিভাবে ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দেয়া হলেও দেশটির সংখ্যালঘু মুসলিমদের কমিউনিস্ট পার্টির ভাবাদর্শে বিশ্বাসী করে তুলতে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।


Magazine