কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : বিতর ছালাত কত রাক‘আত পর্যন্ত পড়া যায় ও তার পদ্ধতি কী?

উত্তর : বিতর ছালাত পাঁচ রাক‘আত পর্যন্ত পড়া যায়। তা আদায়ের পদ্ধতি হল,

(ক) ১ রাক‘আত : ‘বিতর’ মূলত এক রাক‘আত। কেননা এক রাক‘আত যোগ না করলে কোন ছালাতই বেজোড় হয় না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ‘রাতের নফল ছালাত দুই দুই (مَثْنَى مَثْنَى)। অতঃপর যখন তোমাদের কেউ ফজর হয়ে যাবার আশংকা করবে, তখন সে যেন এক রাক‘আত পড়ে নেয়। যা তার পূর্বেকার সকল নফল ছালাতকে বিতরে পরিণত করবে’ (ছহীহ বুখারী, হা/৯৯০; ছহীহ মুসলিম, হা/৭৪৯; মিশকাত, হা/১২৫৪)। অন্য হাদীছে তিনি বলেন,

اَلْوِتْرُ رَكْعَةٌ مِّنْ آخِرِ اللَّيْلِ ‘বিতর রাত্রির শেষে এক রাক‘আত মাত্র’ (ছহীহ মুসলিম, হা/৭৫২; মিশকাত, হা/১২৫৫)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন,وَكَانَ يُوْتِرُ بِوَاحِدَةٍ ‘রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাক‘আত দ্বারা বিতর করতেন’ (ইবনু মাজাহ, হা/১১৯৬; মিশকাত, হা/১২৮৫)।

(খ) ৩ রাক‘আত : তিন রাক‘আত বিতর একটানা ও এক সালামে পড়াই উত্তম (ছহীহ বুখারী, হা/১১৪৭; ছহীহ মুসলিম, হা/১৭২৩; মির‘আত, ৪/২৭৪; হাকেম, ১/৩০৪ পৃঃ)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাক‘আত বিতর পড়তেন। তিনি শেষের রাক‘আতে ব্যতীত বসতেন না (মুস্তাদরাক হাকেম, হা/১১৪০; বায়হাক্বী, হা/৪৮০৩, ৩/৪১ পৃঃ; সনদ ছহীহ, তা’সীসুল আহকাম, ২/২৬২ পৃঃ)।

(গ) ৫ রাক‘আত : একটানা ৫ রাক‘আত বিতর (আবুদাঊদ, হা/১৪২২; নাসাঈ, হা/১৭১২; ইবনু মাজাহ, হা/১১৯২; মিশকাত, হা/১২৬৫)।

উল্লেখ্য যে, যেসব হাদীছে বিতর ছালাত ৭, ৯, ১১ ও ১৩ রাক‘আত প্রমাণিত হয় সেগুলো রাতের নফল ছালাতসহ। সুতরাং ৭ রাক‘আত পড়লে ৬ রাক‘আত হবে রাতের নফল ছালাত বা তাহাজ্জুদ এবং ১ রাক‘আত হবে বিতর।

৯ রাক‘আত পড়লে ৮ রাক‘আত হবে রাতের নফল ছালাত বা তাহাজ্জুদ এবং ১ রাক‘আত হবে বিতর।

১১ রাক‘আত পড়লে ৮ রাক‘আত হবে রাতের নফল ছালাত বা তাহাজ্জুদ এবং ৩ রাক‘আত হবে বিতর (আবুদাঊদ, হা/১৩৬২; মিশকাত, হা/১২৬৪)। ১৩ রাক‘আত পড়লে ৮ রাক‘আত হবে রাতের নফল ছালাত বা তাহাজ্জুদ এবং ৫ রাক‘আত হবে বিতর। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কখনও তের রাক‘আত ছালাত আদায় করতেন, এটার মধ্যে পাঁচ রাক‘আত হত বিতর, যার শেষ রাক‘আত ভিন্ন তিনি আর কোথাও বসতেন না (ছহীহ মুসলিম, হা/৭৩৭; মিশকাত, হা/১২৫৬)।

-আলিফ আহমেদ

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।


Magazine