উত্তর: কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হলে বা কষ্ট পেলে তার বিরুদ্ধে লা‘নত করা বা বদদু‘আ করা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ নয় এবং প্রকৃত মুমিন ব্যক্তির বৈশিষ্ট্যও নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মুমিন ব্যক্তি লা‘নতকারী বা বদদু‘আকারী হতে পারে না’ (তিরমিযী, হা/১৯৭৭)। অপর হাদীছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় আমি প্রেরিত হইনি লা‘নতকারী হিসেবে; বরং আমি প্রেরিত হয়েছি রহমত হিসেবে’ (ছহীহ মুসলিম, হা/২৫৯৯)। কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হলে বা কষ্ট পেলে করণীয় হলো ধৈর্য ধারণ করা এবং ক্ষমা করে দেওয়া। কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন (আল-বাকারা, ২/১৫৩)। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, إنما يوفى الصابرون أجرهم بغير حساب ‘নিশ্চয় ধৈর্যশীলদেরকে অগণিত ছওয়াব প্রদান করা হবে’ (আয-যুমার, ৩৯/১০)।
প্রশ্নকারী : মো. লোবাব ইসলাম
