কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : দাজ্জাল থেকে রক্ষা পাওয়ার যে দু‘আ, সেটা কি ছালাতের শেষ বৈঠকে তাশাহুদের পরে পড়ব, না দুরূদে ইবরাহীমী’র পরে পড়ব?

উত্তর : শেষ বৈঠকে পঠিতব্য দু‘আয়ে মা’ছূরাগুলো দুরূদে ইবরাহীমী’র পরে পড়া উচিত। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ তাশাহ্হুদ পড়বে, তখন সে যেন চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। সে যেন বলে, ‘আল্লাহুম্মা ইন্নি আ‘ঊযু বিকা...’ (ছহীহ মুসলিম, হা/৫৮৮; মিশকাত, হা/৯৪০)। অত্র হাদীছ থেকে ‘আত্তাহিয়্যাতু’র পরেই আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন্ ‘আযা-বি জাহান্নামা ওয়া আ‘ঊযুবিকা মিন্ ‘আযা-বিল ক্বাব্রে, ওয়া আ‘ঊযুবিকা মিন্ ফিৎনাতিল মাসীহিদ্ দাজ্জা-লি, ওয়া আ‘ঊযুবিকা মিন ফিৎনাতিল মাহ্ইয়া ওয়াল মামা-তি’ পড়ার কথা প্রমাণিত হয়। কিন্তু সুনানে আবুদাঊদে এসেছে, ফুযায়েল ইবনু উবায়দ বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ছালাতের মাঝে দু‘আ করতে শুনলেন। কিন্তু লোকটি আল্লাহর মহত্ত্ব বর্ণনা করেনি এবং রাসূলের উপর দরূদও (ছালাত) পড়েনি। তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোক তাড়াহুড়া করেছে। তারপর লোকটিকে ডেকে তাকেই কিংবা অন্যকে বললেন, যখন তোমাদের কেউ ছালাত পড়বে, তখন যেন প্রথমে তার প্রতিপালকের মহত্ত্ব বর্ণনা করে ও গুণকীর্তন করে। অতঃপর নবীর উপর ছালাত (দরূদ) পাঠ করে। তারপরে যা খুশি দু‘আ করবে (আবুদাঊদ, হা/১৪৮১, ছহীহ)। তাই রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দরূদ (ছালাত) পাঠ করার পরেই ‘আল্লাহুম্মা ইন্নি আ‘ঊযু বিকা...’ পড়তে হবে।

-রবীউল ইসলাম



Magazine