কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : শাওয়ালের ছিয়ামের ফযীলত কী? কারো যদি রামাযানের ক্বাযা ছিয়াম অবশিষ্ট থাকে তাহলে সে কোনটি আগে করবে?

উত্তর : রামাযানের ছিয়াম পালনের সাথে শাওয়ালের ৬টি ছিয়াম পালন করলে পূর্ণ বছর ছিয়াম পালনের নেকী পাওয়া যায়। আবু আইয়ূব আনছারী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রামাযানের ছিয়াম পালন করল অতঃপর শাওয়ালের ছয়টি ছিয়াম পালন করল, এটা (তার) পূর্ণ বছরের ছিয়ামের সমান হবে’ (ছহীহ মুসলিম, হা/১১৬৪; মিশকাত, হা/২০৪৭)।

শাওয়াল মাস চলে গেলে আর শাওয়ালের ছিয়াম পালন করা যায় না। আর ক্বাযা ছিয়াম পালনের সময় থাকে পরের রামাযান পর্যন্ত। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের রামযানের ছিয়াম বাকি থাকত, আমি তা (পরবর্তী) শা‘বান ব্যতীত পূর্ণ করতে পারতাম না (ছহীহ বুখারী, হা/১৯৫০; ছহীহ মুসলিম, হা/১১৪৬; মিশকাত, হা/২০৩০)। তাই শাওয়ালের ছিয়াম পালনের পর অন্য মাসে ক্বাযা ছিয়াম পালন করা যাবে। সাধ্য থাকলে শাওয়াল মাসের মধ্যেই ক্বাযা ছিয়ামগুলো পালন করে বাকী দিনগুলোতে শাওয়ালের ছিয়াম রাখতে পারে। উল্লেখ্য যে, মহিলাদের ঋতুর কারণে কোন ছিয়াম ছুটে গেলে তা আগে করবে। তারপরে শাওয়ালের ছিয়াম করবে এমন বিবরণ ঠিক নয়।

-শফিকুল ইসলাম

 মোহনপুর, রাজশাহী।


Magazine